মোহামেডানের অনুষ্ঠানে একঝাঁক তারকা
আগামী ১২ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে তারার মেলা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রায় ১২০০ অতিথির বিশাল অনুষ্ঠানে থাকবেন কয়েকজন বিদেশি ক্রীড়া তারকাও। বিভিন্ন সময়ে মোহামেডানের হয়ে খেলে যাওয়া ক্রিকেট তারকা অর্জুনা রানাতুঙ্গা, সনাৎ জয়াসুরিয়া, ফুটবলার এমেকা, হকি খেলোয়াড় শাহবাজ আহমেদ, কামরান আশরাফ, মমতাজ হায়দারের সপরিবারে ঢাকায় আসা নিশ্চিত বলে জানালেন মোহামেডানের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া।নিশ্চিত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান ডেভ রিচার্ডস, কলকাতা মোহামেডানের সভাপতি সুলতান আহমেদের আসা। জাভেদ মিয়াঁদাদ ও ওয়াসিম আকরাম আসার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।গত ২৪ মার্চ ক্লাবকে লিমিটেড কোম্পানি করার পর মোহামেডান পরিবারের পুনর্মিলনী এই অনুষ্ঠান। বাণিজ্যিকভাবে বহুতল ভবন বানিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে দলটি। লোকমান ভূঁইয়া বলেছেন, ‘এ বছর মোহামেডান ফুটবল দলটা মনের মতো গড়তে না পারা বড় ট্র্যাজেডি। অঙ্গীকার করছি, আগামীতে এটা আর হবে না।’