মোহামেডানের উদ্যোগে 'ঢাকা হকি লিগ'!
খাজা রহমতউল্লাহ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ঘরোয়া লিগে অংশ নেব না—মোহামেডানের নেতৃত্বে ছয়টি দলের অবস্থানই দেশের হকিতে নতুন একটা ঢেউ তুলতে পারে। যার নাম ‘ঢাকা হকি লিগ!’ সঙ্গী পাঁচ দলকে নিয়ে নিজস্ব উদ্যোগে এমন একটা নতুন আয়োজনে মাঠে নেমেছে ‘বিদ্রোহী’ মোহামেডান!
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের আদলেই অক্টোবরের শেষে শুরু হতে পারে এই হকি লিগ। আইপিএল, বিপিএল, সিপিএল—এই নামগুলো ক্রিকেটে বেশ পরিচিত এখন। ভারতে ভারতীয় হকি লিগ নাম নিয়ে একইভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগ মাঠে নেমেছে বেশ আগেই। সেটিরই অনুকরণে বাংলাদেশে এই প্রথম এমন উদ্যোগ মোহামেডানের।
মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনীর কাল জানিয়েছেন, ‘স্প্যানিশ একটা তেল ও গ্যাস কোম্পানি ঢাকায় তাদের পণ্য চালু করতে চায়। সেটি চালু করা হবে মোহামেডানের নেতৃত্বে ছয়টি দল নিয়ে আলাদা ‘ঢাকা হকি লিগ’ আয়োজনের মাধ্যমে। আজই (আজ) আমরা স্প্যানিশ ওই কোম্পানিকে চুক্তির খসড়া পাঠিয়ে দিয়েছি।’
এই লিগে মোহামেডানের সঙ্গী হচ্ছে মেরিনার্স, অ্যাজাক্স, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ারী ও ওয়ান্ডারার্স। হকি ফেডারেশনের বর্তমান নেতৃত্বের ওপর আস্থাশীল বড় দুই দল আবাহনী-ঊষাকেও এটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে চান আয়োজকেরা।
মোহামেডানের পরিচালক সারোয়ার হোসেনকে প্রধান করে আয়োজক কমিটি গঠনের চিন্তা চলছে। তবে খেলা হবে কোথায়, সেটি বড় প্রশ্ন। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম চাইবেন আয়োজকেরা। সেটি পাওয়া না গেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঘাসের মাঠে খেলা আয়োজনের বিকল্প পরিকল্পনাও আছে।
শফিউল্লাহ আল মুনীর জানিয়েছেন, ‘ক্রিকেটের মতো খেলোয়াড়দের নিলামে তোলা হবে। আমরা ১৮ জনের বিদেশি খেলোয়াড়ের পুল করব। প্রতি দলে সর্বোচ্চ তিনজন বিদেশি থাকবে। ‘এ’ বিভাগে ছয়জন থাকবেন আইকন খেলোয়াড়, যাঁদের সর্বনিম্ন মূল্য হবে চার লাখ টাকা। ‘বি’ বিভাগে আড়াই লাখ, ‘সি’ বিভাগে দেড় লাখ এবং ‘ডি’ বিভাগে এক লাখ টাকা হবে সর্বনিম্ন মূল্য। ‘বি’ বিভাগের অন্তত তিনজন খেলোয়াড়কে নিতে বাধ্য থাকবে প্রতিটি দল।’
প্রতি দলে থাকবে ইউরোপিয়ান কোচ। বাংলাদেশ জাতীয় দল ও মোহামেডানের সাবেক জার্মান কোচ পিটার গেরহার্ড নিজে মোহামেডানের কোচ হয়ে আসছেন। বাকি দলগুলোর জন্য ইউরোপের কোচও আনছেন তিনি। এমনকি প্রতি দলের কোচিং স্টাফে একাধিক বিদেশি থাকবে।
খেলোয়াড় কেনা এবং দল গড়ার জন্য আয়োজক কমিটিই টাকা দেবে দলগুলোকে। স্প্যানিশ কোম্পানির কাছ থেকে প্রাথমিকভাবে ২ কোটি টাকা স্পনসরশিপ পাওয়া যাবে বলে ধারণা। খোঁজা হচ্ছে আরও স্পনসর। লিগের বাজেট ৬ কোটি টাকার মতো। লিগ পরিচালনার দায়িত্বে থাকবে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স গোটা ব্যাপারটাকে তুলে আনলেন বৃহত্তর পরিসরে, ‘আইপিএল, বিপিএলের মতো চিয়ার গার্লসহ বিনোদনের জন্য থাকবে আরও অনেক কিছুই।’