মোহামেডানের ক্যাপেলা-বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানের নতুন কোচ ক্যাপেলাকে স্বাগত জানালেন এমিলি। পাশে আলফাজ  প্রথম আলো
মোহামেডানের নতুন কোচ ক্যাপেলাকে স্বাগত জানালেন এমিলি। পাশে আলফাজ প্রথম আলো

দীর্ঘ বিমানভ্রমণের ধকলটা ভালোভাবে কাটেনি। ঢাকায় নেমে বিমানবন্দর থেকে কাল সরাসরি চলে এসেছেন মতিঝিলে মোহামেডান ক্লাবে। লিসবন-তুর্কি হয়ে ঢাকায় আসতে পেরিয়ে গেছে দুই দিন। ইউসেবিও, লুইস ফিগো, ক্রিস্টিয়ানো রোনালদোদের দেশের কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তার কথাবার্তায়ও তাই থাকল ক্লান্তির ছাপ।
মোহামেডানের ফুটবল কোচ সাইফুল বারী এই জানুয়ারি থেকেই জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন। বিকল্প একজন বিদেশি কোচের খোঁজে ছিল ঐতিহ্যবাহী দলটি। রুই ক্যাপেলার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছিল আগেই। ঢাকায় আসার পর ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হলো ৪৪ বছর বয়সী কোচকে। আপাতত ছয় মাসের চুক্তিতে কাজ করবেন। মেয়াদ বাড়ানোও হতে পারে।
ভালো ইংরেজি বলতে পারেন না মোহামেডানের অষ্টম বিদেশি কোচ। তাই পরিচয়পর্বের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দিলেন ছোট ছোট বাক্যে। বললেন, ‘বাংলাদেশে এসেছি আলাদা অভিজ্ঞতা সঞ্চয় করতে। এটা বড় চ্যালেঞ্জ আমার জন্য। চ্যালেঞ্জটা আমি নিচ্ছি।’
ক্যাপেলা পর্তুগালের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন, ছিলেন মিডফিল্ডার। পর্তুগালের লেভেল ওয়ান কোচেস কোর্স করার অভিজ্ঞতা আছে তাঁর। উয়েফা লেভেল টু-এর লাইসেন্স করেছেন। প্যারাগুয়ের ক্লাব থ্রি ডি ফেবরেরো ও পর্তুগালের ক্লাব পোরতেমনিয়াস, কোয়াতেরয়েনসে কাজ করেছেন।
ক্যাপেলা পছন্দ করেন ৪-৩-৩ ছক। আদর্শ মানেন হোসে মরিনহোকে। তবে পেপ গার্দিওলার কোচিং পদ্ধতিও পছন্দ করেন। লুইস ফিগোর সঙ্গে আছে বন্ধত্ব। সেটি জানালেন এক ফাঁকে, ‘ফিগো আমার বন্ধু। প্রায়ই ফোনে কথা হয় ওর সঙ্গে।’