মোহামেডানের ক্রিকেটে নতুন নেতৃত্ব
মোহামেডান ক্রিকেট দল নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। ক্লাবের ক্রিকেট কমিটির সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান (বাদল) এবার ভিক্টোরিয়ার গভর্নিং বডির চেয়ারম্যান হয়েছেন। এ মৌসুমে মোহামেডানের জন্য যে ক্রিকেট দলটা গড়েছিলেন, সাকিব-তামিমসহ গোটা দলই তাঁর সঙ্গে গিয়েছে ভিক্টোরিয়ায়।ঘটনার পরম্পরায় মোহামেডান নতুন ক্রিকেট কমিটি গঠন করেছে। সেই কমিটির চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন ক্লাবেরও পরিচালক। তাঁর নেতৃত্বে ২১ সদস্যের মোহামেডান ক্রিকেট কমিটিকে কাল পরিচয় করিয়ে দেওয়া হলো বিওএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হাবিবউল্লাহ ডন, ভাইস চেয়ারম্যান কায়সার জামান, তানভীর মাহমুদ, ফরিদউদ্দিন খান, আবদুর রহমান, জহির আহমেদ। সম্পাদক মিয়া আহমেদ কিবরিয়া।সংবাদ সম্মেলনে কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলেন, ভবিষ্যতে মোহামেডান ক্রিকেট দলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে সম্ভব সবকিছু করা হবে। ক্রিকেটের সঙ্গে যুক্ত কয়েকজন ক্লাব ছেড়ে গেলেও তাতে ক্লাবের কোনো ক্ষতি হবে না বলে আশাবাদী এই কর্মকর্তারা।এ ছাড়া এ এস এম ফারুককে আহ্বায়ক করে ক্রিকেটে একটি টেকনিক্যাল কমিটিও গঠন করেছে মোহামেডান। এই কমিটিতে আছে রকিবুল হাসান, মিনহাজুল আবেদীন, ফারুক আহমেদসহ আরও কয়েকজনের নাম। ফরিদপুরে ক্রিকেট: প্রিমিয়ার ক্রিকেটে কাল লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থা (১৩৩/৭) ৩ উইকেটে শোভারামপুর ইডেনকে (১২৯) হারিয়েছে। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ডিক্রিরচর তরুণ সংঘ (১৩১/৫) ৫ উইকেটে আয়নাল পাট্টাদার একাদশকে (১২৯) এবং সোহাগ ক্রীড়া সংঘ (১৪৬/৪) ৬ উইকেটে বাখুন্ডা সুজন সংঘকে (১৪২) হারিয়েছে। —ফরিদপুর অফিস