মোহামেডানের খোঁড়ানো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে হতাশ মোহামেডান। ম্যাচ শেষে মোহামেডান স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিকে সান্ত্বনাও দিলেন উত্তর বারিধারার মোস্তাফিজুর রহমান,  প্রথম আলো
ছোট দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে হতাশ মোহামেডান। ম্যাচ শেষে মোহামেডান স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিকে সান্ত্বনাও দিলেন উত্তর বারিধারার মোস্তাফিজুর রহমান, প্রথম আলো

অন্যতম শিরোপাপ্রত্যাশীর সঙ্গে কাগজে-কলমে দুর্বলতম দলের লড়াই।  মোহামেডানের জয়ই ছিল প্রত্যাশিত। উত্তর বারিধারা প্রথম ম্যাচে শেখ রাসেলের কাছে খেয়েছে ৪ গোল। দ্বিতীয় ম্যাচে মোহামেডান তাদের নিয়ে খেলবে, এটা মনে করাই ছিল স্বাভাবিক।

কিন্তু ম্যাচটি হলো গোলশূন্য। এমনকি উত্তর বারিধারা জিততেও পারত! অবশ্য মোহামেডানের কাছ থেকে একটা পয়েন্ট নবাগত দলটির জন্য বিশাল প্রাপ্তিই।

৩৫-৪০ লাখ টাকা দিয়ে এবার বড় বড় খেলোয়াড় কিনেছে মোহামেডান। কিন্তু সেই নামী খেলোয়াড়েরা বারিধারার গোলমুখ খুলতে পারলেন না। বক্সের সামনে গিয়ে সব ভজকট। ব্যতিক্রমী দু-একটা মুহূর্ত বাদ দিয়ে দেশসেরার তকমাধারী জাহিদ-এমিলিরা প্রতিপক্ষ রক্ষণে আতঙ্ক ছড়াতে ব্যর্থ। হালের আরেক তারকা ওয়াহেদও একই নৌকার যাত্রী।

উত্তর বারিধারার খেলাটাই বরং নজর কাড়ল। পাঁচ বছর ধরে তৃতীয় বিভাগ থেকে দলটার টানা উত্তরণ একঝাঁক অখ্যাত তরুণের হাত ধরে। সেই তরুণেরা কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অন্তত দুবার গোল প্রায় করেই ফেলেছিলেন! একবার আবুল কালাম গোলের খুব কাছ থেকে ফিরে আসেন সুযোগ হেলায় হারিয়ে।

রক্ষণও বেশ জমাট ছিল বারিধারার। চার ডিফেন্ডারের সামনে রনি খেলেছেন রক্ষণাত্মক পর্দা হয়ে। সেটা ভেদ করতে পারেনি মোহামেডান। সুইপার ব্যাকের কাজও করেছেন মোস্তাফিজুর রহমান রনি। পাঁচ ডিফেন্ডারের সামনে মোহামেডান গোলের রাস্তা বের করতে পারেনি।

তাই বক্সের সামনে এসে জটলার মধ্যে আটকে গেল মোহামেডান। পোস্টে ভালো শট নেওয়ার জায়গা সেভাবে বের হয়নি। এমন অবস্থায় নিচ থেকে আক্রমণটা গড়ার প্রয়োজন ছিল, যেটি আসলে করতে পারেনি মোহামেডান।

নবাগত পর্তুগিজ কোচ রুই ক্যাপেলা চান মোহামেডানকে আধুনিক ফুটবল খেলাতে। দ্রুত আক্রমণ, দ্রুত রক্ষণ। কিন্তু খেলোয়াড়দের তো খেলতে হবে। সেটিই তারা পারেনি। খেলোয়াড়দের পাসিং, বল নিয়ন্ত্রণ, লম্বা বলে আরও উন্নতি দরকার বলে মনে করেন মোহামেডানের সাবেক এক কোচ।

তা ছাড়া বড় দলগুলোর মধ্যে মোহামেডানের বিদেশি খেলোয়াড়েরাই সবচেয়ে সাধারণ মানের।  ভালো বিদেশির অভাব মোহামেডান অনুভব করছে প্রতি ম্যাচেই। এ ম্যাচে তো আরও বেশি!

কোচ ক্যাপেলা সংবাদ সম্মেলনে এটিই বললেন গুরুত্ব দিয়ে, ‘আমার তিনজন ভালো মানের বিদেশি দরকার। একজন করে ডিফেন্ডার ও স্ট্রাইকার সঙ্গে একজন প্লে-মেকারও।’

 মোহামেডানের দায়িত্বে ক্যাপেলার এটি দ্বিতীয় ম্যাচ। ব্রাদার্সের বিপক্ষে শেষ সময়ে বিতর্কিত পেনাল্টিতে মিলেছিল ১ পয়েন্ট। টানা দুই ড্রয়ের পর ক্যাপেলা সময় চাইলেন, ‘আমি মাত্র ছয়-সাতটি অনুশীলন সেশন পেয়েছি। আরও সপ্তাহ দুয়েক সময় প্রয়োজন। আসলে আমাদের আজ খারাপ দিন ছিল। ভালো খেলতে পারিনি।’

বারিধারার কোচ মোহাম্মদ আলমগীর বেশ খুশি, ‘ছেলেদের শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা নেই। থাকলে আমরা আজ ৩ পয়েন্টই পেতাম।’

 বারিধারা যা করেছে, সেটিই বা কম কী!