মোহামেডানের ঘানা-মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মোহামেডানের চোখ এখন ঘানার দিকে। ঘানা থেকে ভালো মানের ফুটবলার আনতে চায় সাদা-কালোরা। অবশ্য ঘানার অনেক ফুটবলারই খেলেন বাংলাদেশে। এতে আর নতুনত্ব কী! তবে মোহামেডানের ক্ষেত্রে নতুনত্ব হলো, টেকনিক্যাল লোক পাঠিয়ে পছন্দ করেই খেলোয়াড় আনতে চায়।শুধু তা-ই নয়, কোচের জন্যও ঘানায় যোগাযোগ শুরু করেছে ঐতিহ্যবাহী মোহামেডান। ফুটবলার আনতে তারা যোগাযোগ রাখছে ঘানার কুমাসি এলাকার পেশাদার ফুটবল ক্লাব কিংস ফয়সাল বেবেসের সঙ্গে। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত ক্লাবটি শিগগিরই ম্যাচ খেলবে। সময়সূচি জানালে সেই অনুযায়ী ঢাকা থেকে লোক পাঠাবে মোহামেডান।মোহামেডানের নবনির্বাচিত ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া কাল জানিয়েছেন, ‘আমরা ঘানা থেকে ম্যাচের তারিখ জানতে পারলেই এক-দুজন টেকনিক্যাল লোক পাঠাব। তাঁরা খেলা দেখে সিদ্ধান্ত দেবেন।’ ২০০৫-০৬ সালে ঘানার প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়াই ক্লাবটির সেরা সাফল্য। এই ক্লাবের লেফটব্যাক হাবিব মোহাম্মেদ ২০০৬ বিশ্বকাপ ঘানার হয়ে খেলেছেন।মোহামেডান সূত্র জানিয়েছে, বিদেশি কোচ আনার বিষয়টা দেখছেন ক্লাবের চেয়ারম্যান ওবায়দুল করিম। তবে এখন পর্যন্ত স্থানীয় কোচ শফিকুল ইসলামকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ কোনোটাই বলা হয়নি। শফিকুল ক্লাবের স্থায়ী সদস্য, স্থায়ী সদস্যরা ক্লাবের লাভজনক বা বেতনভুক্ত পদে নাকি থাকতে পারবেন না—এমন নিয়মের কথা শোনা গেল এক ঊর্ধ্বতন কর্মকর্তার মুখে।নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর মোহামেডানের খোলনলচে বদলাতে শুরু করেছে। মতিঝিল ক্লাব লনে এখন পুরোদমে চলছে সংস্কারকাজ। সব জীর্ণতা দূর করে টাইলস ও অত্যাধুনিক আসবাবে সাজানো হচ্ছে ক্লাব ভবন। সংশ্লিষ্টরা জানালেন, সবকিছু সাদা-কালো রং ধারণ করবে। ক্লাব লনের জরাজীর্ণ মাঠে ফেলা হচ্ছে মাটি। এটি নতুন রূপ নেবে কদিনের মধ্যে।ওদিকে ফুটবল দলের অনুশীলনের জন্য আপাতত ছয় মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে বিজিপ্রেস মাঠ। অনুশীলন মাঠের অভাবে মোহামেডান ফুটবল দলকে যাযাবরের মতো ঘুরতে হয়। এবার নতুন কমিটি দায়িত্ব নিয়ে সেই সমস্যার সাময়িক একটা সমাধান করল।মোহামেডান গতবারের চেয়ে এবার একটু ‘ভালো’ দল গড়েছে, তবে এটিও ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো নয়। তাই ভালো মানের বিদেশি এবং বিদেশি কোচ আনতে এই তোড়জোড়। যেন বসন্তের হাওয়া বইছে গত কয়েক বছরে মিইয়ে পড়া মোহামেডানে!