
ঐতিহ্যের বিচারে দেশের সেরা ফুটবলারদের নিয়েই দল গড়া উচিত মোহামেডানের। কিন্তু সর্বশেষ গত তিন মৌসুম মোহামেডানের ফুটবল দল ছিল খুবই বাজে। বিবর্ণ সেই মোহামেডান নতুন মৌসুমে দলবদলে দিতে যাচ্ছে চমক।
সদ্য শেষ হওয়া মৌসুমে ‘ট্রেবল’ জেতা শেখ রাসেলের বড় দুই সেনা এমিলি-জাহিদ মোহামেডানে নাম লেখাচ্ছেন, এটা একরকম নিশ্চিত। শেখ জামালের ডিফেন্ডার আরিফুল, মিডফিল্ডার শাকিল, অরূপ, শেখ রাসেলের ডিফেন্ডার মামুন মিয়া, নাহিদ সাদা-কালোদের ডেরায় যাচ্ছেন বলেই খবর। গোলরক্ষক মামুন খান, টিটু, ডিফেন্ডার মিন্টু শেখ, তপু বর্মণ মাঝমাঠে মানিক, শরিফুল থাকতে পারেন।
তবে দুই নির্ভরযোগ্য নাম মিডফিল্ডার সোহেল রানা ও মোবারককে সম্ভবত মোহামেডান রাখতে পারছে না। তাঁরা দুজন শেখ জামালে যাচ্ছেন। নবোদ্যমে শুরুর এই সময়ে এই দুজনকে রাখা হলে মোহামেডান পরিপূর্ণভাবেই খুশি থাকতে পারত। তার পরও যতটা সম্ভব ভালো একটা দলই হতে যাচ্ছে মোহামেডান। মোহামেডান সর্বশেষ তারকাপুঞ্জে রূপ নিয়েছিল ২০০৯ সালে। যদিও আমিনুল-এমিলি-ওয়ালি-মামুনুল-জাহিদসহ জাতীয় দলের ১৩-১৪ জন খেলোয়াড় নিয়েও তারা সেবার লিগ জিততে পারেনি।
পেশাদার লিগের ছয়টি আসর চলে গেলেও এই শিরোপাটা এখনো অধরা মোহামেডানের। গত তিন মৌসুম ষষ্ঠ, তৃতীয় ও পঞ্চম হয়েছে। নতুন মৌসুমে চোখ শিরোপায়। তাই এবার মৌসুম শেষ না হতেই দলবদলের বাজারে সাফল্য-বুভুক্ষু মোহামেডানের উজ্জ্বল উপস্থিতি। খেলোয়াড়দের দেওয়া হয়েছে অগ্রিম অর্থও।
নতুন মৌসুমের জন্য শেখ জামালেরও বেশ শক্তিশালী দল গড়ার খবর মিলছে। শেখ রাসেলের মিডফিল্ডার মামুনুল, ডিফেন্ডার লিংকন, আবাহনীর স্ট্রাইকার শাখাওয়াত রনির সঙ্গে মোহামেডানের সোহেল রানা, মোবারক যোগ দিতে পারেন জামালে। গোলে মুক্তিযোদ্ধার জিয়া, আবাহনীর হিমেলের নাম শোনা যাচ্ছে। গত মৌসুমে খেলা মিডফিল্ডার আলমগীর রানা, স্ট্রাইকার সোহেল রানা, ডিফেন্ডার নাসির উদ্দিন, হাসান আল মামুন, স্ট্রাইকার তৌহিদুল আলমের সঙ্গে যোগ দিতে পারেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার দিদার, মোহামেডানের ইয়াসিনও।
চারবারের পেশাদার লিগ চ্যাম্পিয়ন আবাহনীর এ মৌসুমটা খুবই বাজে কেটেছে। কোনো সাফল্যই ধরা দেয়নি। হারানো জমিন ফিরে পেতে ক্লাবে অবশ্য কোনো তোড়জোড়ও নেই। সে তুলনায় এখন পর্যন্ত ‘ক্ষয়ক্ষতি’ কমই। শুধু স্ট্রাইকার শাখাওয়াত রনি ও গোলরক্ষক হিমেল দল ছাড়ছেন বলে জানা গেছে। তৌহিদও যেতে পারেন বলে গুঞ্জন। এ ছাড়া ওয়ালি, সুজন, আরমান আজিজ, সিরাজী, মিশু, কোমল, এনামুল, শাহেদ, চৌমিনরা সবাই থাকবেন বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা। শেখ রাসেলের স্ট্রাইকার মিঠুনকে যোগ করার সম্ভাবনা আছে। যদিও এখনো কোনো কিছুই চূড়ান্ত করেনি আবাহনী। এই মৌসুমে ভীষণ অনুজ্জ্বল ইব্রাহিম, ফ্রাঙ্ক, পলদের বাদ দিয়ে নতুন ভালো বিদেশি খেলোয়াড় আনার দাবি আছে ক্লাবের ভেতরেই। সেটি হলে মোহামেডান, শেখ জামালের চেয়ে কোনো অংশে কম যাবে না আকাশি-নীলরা।
সংকটে পড়েছে আসলে শেখ রাসেল। সাফল্যই কাল হয়েছে দলটির। দুর্দান্ত মৌসুম কাটিয়ে পরের মৌসুমটাই মামুনুল, এমিলি, মিঠুন, জাহিদ, মামুন মিয়া, লিংকনদের মতো প্রধান খেলোয়াড়দের হারাতে হচ্ছে। এ অবস্থায় গোলরক্ষক বিপ্লব, ডিফেন্ডার রেজাউল, নাসির, আমিনুল, আনোয়ারদের সঙ্গে শেখ জামালের সৈকত, মোহামেডানের মারুফসহ আরও কয়েকজনের সঙ্গে নাকি কথা চলছে। আবাহনীর ঘরে হানা দিয়ে কিছু খেলোয়াড় নেওয়া চেষ্টাও করতে পারে শেখ রাসেল।
লক্ষ্য যেখানে খুব বড় নয়, বিজেএমসি মাঝারি মানের দলই করছে। মুক্তিযোদ্ধা, ব্রাদার্স, ফেনী সকার টাকাপয়সা জোগাড় করে আস্তেধীরে নামবে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় ফুটবলারদের বাজার এবার আরও চওড়া। গতবার সর্বোচ্চ ২৯ লাখ টাকায় শেখ রাসেলের সঙ্গে চুক্তি করেছিলেন মামুনুল। এবার মামুনুলের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, তিনি ৩৬ লাখ টাকা নিচ্ছেন শেখ জামাল থেকে। মোহামেডানও সর্বোচ্চ পারিশ্রমিক দিচ্ছে ৩০ লাখের বেশি।
মোহামেডানের এই জেগে ওঠা শুধু তাদের সমর্থকদের জন্যই নয়, দেশের ফুটবলের জন্যই আনন্দসংবাদ। আবাহনী এত দিন বড় দলের ধারেভারে খেলেছে, মোহামেডান স্বরূপে ফিরলে মাঠে হয়তো দর্শকও ফিরবে!