গ্রামীণ সুপার কাপ: বিদেশিদের খেলার সুযোগ না থাকায় সুপার কাপ সত্যিই মোহামেডানের বড় চ্যালেঞ্জ
মোহামেডানের চ্যালেঞ্জ ফাইনালে চোখ বিজেএমসির
টুর্নামেন্টের নাম সুপার কাপ বলেই আশায় বুক বাঁধতে পারে মোহামেডান। কোটি টাকার প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সাদা-কালোরা। পরের আসরে রানার্সআপ। কিন্তু তৃতীয় সুপার কাপে এসে বাস্তবতার জমিনে পা রাখছেন দলের কোচ সাইফুল বারী (টিটু)। সুপার কাপ উপলক্ষে বাফুফের ধারাবাহিক সংবাদ সম্মেলনে এসে কাল বললেন, ‘আগের কথা মনে করে আমাদের কোনো লাভ নেই। এই টুর্নামেন্টে খেলোয়াড় কারা, প্রতিপক্ষ কেমন, সেটা বিবেচনায় রেখে খেলতে হবে আমাদের।’প্রিমিয়ার লিগে পঞ্চম হওয়া দলটি ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে বিদায় নিয়েছিল সেমিফাইনালেই। তা ছাড়া লিগের সর্বোচ্চ গোলদাতা (১১) ওসে মরিসনকে মোহামেডান পাচ্ছে না বিদেশিহীন এই টুর্নামেন্টে। তবে এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন সাইফুল, ‘এটা সত্যি, মোহামেডান এবার বিদেশিনির্ভর দল ছিল। কিন্তু এখন আমাদের স্থানীয়দের নিয়েই খেলতে হবে। এটাই আমাদের চ্যালেঞ্জ।’হতাশাময় মৌসুমের শেষটা ট্রফি দিয়েই শেষ করতে চান দলের অধিনায়ক মতিউর মুন্না, ‘দীর্ঘদিন চ্যাম্পিয়ন ট্রফি পাচ্ছে না মোহামেডান। আমাদের চেষ্টা থাকবে সুপার কাপে ভালো করার।’ তবে দলের প্রস্তুতি নিয়ে যথেষ্টই চিন্তিত মনে হলো কোচকে। সুপার কাপ হবে না ভেবে লিগের পরই ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন খেলোয়াড়েরা। মাত্র দুই সপ্তাহের প্রস্তুতিতে ফিটনেস নিয়েই বেশি কাজ করতে হচ্ছে কোচকে। খেলোয়াড়দের অনেকেই এখনো চলতি মৌসুমের পুরো পারিশ্রমিক পাননি। লিগের শেষ ম্যাচে ফেনী সকারের সঙ্গে ড্র করায় কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এর কি কোনো প্রভাব পড়বে না মোহামেডান দলে? কোচ সাইফুল বারী এ প্রসঙ্গে কোনো মন্তব্যই করতে চাননি।মোহামেডানের যেখানে ভরসা ছিল বিদেশিরা, সেখানে বিজেএমসি ভরসা রেখেছিল মূলত স্থানীয় খেলোয়াড়দের ওপরই। লিগে চতুর্থ হওয়া দলটির কোচ জাকারিয়া বাবু তাই সুপার কাপে অনেক বেশি নির্ভার, ‘আমাদের প্রস্তুতি ভালোভাবেই চলছে। স্থানীয় তরুণ ও অভিজ্ঞদের নিয়েই দল গড়েছি আমরা। লিগের শেষ তিন ম্যাচও স্থানীয়দের নিয়ে জিতেছি। এই আত্মবিশ্বাস থেকেই আশা করি, ফাইনালে খেলব আমরা।’সুপার কাপের জন্য বিজেএমসি দলে নিতে পারে চ্যাম্পিয়নশিপ লিগের সর্বোচ্চ গোলদাতা জীবনকে। উত্তর বারিধারার স্ট্রাইকার লিগে ১৩ গোল করেছেন। কাল সংবাদ সম্মেলনে আরেকটি ঘোষণাও এসেছে। টুর্নামেন্টের কো-স্পনসর ওয়ালটনের পক্ষ থেকে সেরা খেলোয়াড় পুরস্কার হিসেবে পাবেন একটি মোটরসাইকেল।