
লিগ শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে মোহামেডান। ম্যাচ শেষে তাই রাসেল মাহমুদ জিমির কণ্ঠে আক্ষেপ, ‘আগে এমনভাবে খেললে আমরা হয়তো চ্যাম্পিয়নই হতাম। আসলে আগের তিনটি ম্যাচ মোটেও ভালো খেলতে পারিনি। এ জন্যই এখন বেশি খারাপ লাগছে।’
মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল মোহামেডান ৫-৩ গোলে হারিয়েছে ঊষাকে। হ্যাটট্রিকসহ পাঁচটি গোলই করেছেন জিমি। সত্যিটা হলো, শুধু জিমির কাছেই হেরে গেছে ঊষা। মাঝমাঠ থেকে বল নিয়ে দুর্দান্ত গতিতে কখনো একক চেষ্টায় ঢুকেছেন বক্সে, কখনো দুরূহ কোণ থেকে স্টিক ঘুরিয়ে পাওয়ার হিটে করেছেন দর্শনীয় গোল, কখনো বক্সে শুয়ে পড়ে শুধু স্টিকে টোকা দিয়েই বল ঢুকিয়েছেন জালে। জিমির দিনে প্রতিপক্ষ ঊষা ছিল অসহায়!
ঘরোয়া কিংবা আন্তর্জাতিক হকিতে জিমির সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব কম। জাতীয় দলে নিষিদ্ধ হওয়ার পর এটাই জিমির প্রথম লিগ। চার মৌসুম পর মোহামেডানও খেলছে লিগে, যেখানে জিমি নিজেকে চেনাচ্ছেন যেন নতুন করেই। প্রতিটি দলে পাঁচজন বিদেশি থাকলেও স্বমহিমায় উজ্জ্বল জিমি। ৩১ গোল করে এ পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। করেছেন পাঁচটি হ্যাটট্রিক। চলতি লিগেই রেলওয়ের সঙ্গে ম্যাচে একাই গড়েছেন ১১ গোল দেওয়ার রেকর্ড।
মোহামেডানের এই জয়ে আগামীকাল ঊষা-মেরিনার্স শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে মেরিনার্স। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঊষা। চ্যাম্পিয়ন হতে হলে আগামীকাল ঊষাকে জিততেই হবে। আর ম্যাচটি ড্র হলে চ্যাম্পিয়ন হবে মেরিনার্স। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী, ৩২ পয়েন্ট নিয়ে চারে মোহামেডান।
কাল জিতলে শেষ ম্যাচে একটু নির্ভার হয়েই খেলতে পারত ঊষা। কিন্তু জিমিকে আটকানোর সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে ঊষা কোচ মামুনুর রশীদের, ‘আমরা আসলে জিমিকে মার্কিং করে রেখেছিলাম। কিন্তু ছেলেরা শুরুতে আমার পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। পরে ওকে আটকানো গেছে বলেই গোল কম হয়েছে।’
ম্যাচের ৩ মিনিটেই ‘জিমি-শো’ শুরু। সালমান হোসেনের পাস থেকে হিটে করেন ১-০। ঊষা সমতায় ফেরে আলীম বেলালের গোলে। এরপর ২৯ ও ৩১ মিনিটে টানা দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জিমি। ৩৭ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকেই গোল করেন বেলাল (২-৩)। ৪২ মিনিটে জিমির গোলেই ব্যবধান বাড়ায় মোহামেডান। ৬১ মিনিটে জিমি পঞ্চম গোল করে ছিটকে দেন ঊষাকে। খেলা শেষের কেবলই আগে বেলাল শুধু ব্যবধান কমিয়েছেন।
দিনের অন্য ম্যাচে আবাহনী ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে।