মোহামেডানের ট্রায়ালে দুই ডাচ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের দুই ডাচ কোচের পর এবার ডাচ ফুটবলারও এলেন বাংলাদেশে। মোহামেডানের জার্সি গায়ে তুলতে গতকাল সকালে ঢাকায় নেমে বিকেলেই অনুশীলন করেছেন দুই কৃষ্ণাঙ্গ ডাচ শেভেলো ডি রিপ ও মেলভিন গ্রুটফাম। প্রথমজন স্ট্রাইকার, বয়স ২৩। ২২ বছর বয়সী মেলভিন খেলেন মাঝমাঠে।
দুজনেরই জন্ম হল্যান্ডে হলেও পূর্বপুরুষেরা এসেছেন সুরিনাম থেকে। একই সঙ্গে খেলেন হল্যান্ডের উট্রেখট শহরের প্রথম বিভাগের দল ম্যাগরেব নাইনটি ক্লাবে। শেভেলো এর আগে বাহরাইনে ট্রায়াল দিতে গেলেও সেখানে তাঁর খেলা হয়নি। মেলভিন এই প্রথম এলেন হল্যান্ডের বাইরে। মোহামেডান তাঁদের ট্রায়াল দেখেই নিবন্ধন করার সিদ্ধান্ত নেবে। আজ একটা অনুশীলন ম্যাচেও দেখা হবে দুই ডাচ তরুণকে।
এই প্রথম বাংলাদেশে ডাচ ফুটবলার, তাই কাল বিকেলে মোহামেডান ক্লাব চত্বরের অনুশীলনে দুজনই চোখ কেড়ে নিলেন অনেকের। অন্য দিনের চেয়ে মোহামেডান ক্লাব আঙিনায় বেশি থাকল সমর্থকদের ভিড়।