মোহামেডানের ডুবন্ত তরী ভাসিয়ে তোলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগে টানা তিন ম্যাচ হেরে ডুবতে বসা ফুটবল দলকে টেনে তোলাটাকেই মূল কাজ মানছেন মোহামেডানের কর্মকর্তারা। ক্লাব মিলনায়তনে কাল রাতের মোহামেডান ফুটবল কমিটির সভা শেষে কমিটির যুগ্ম সম্পাদক ছাইদ হাসান কানন জানান, এখন থেকে দলকে উৎসাহিত করার জন্য করণীয় সবই করা হবে। দলে সমন্বয়ের অভাব দূর করার পাশাপাশি দ্বিতীয় পর্বে ভালো মানের বিদেশি খেলোয়াড় নিবন্ধন এবং খেলোয়াড়দের টাকা পাওনা থাকলে পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।পরশু মুক্তিযোদ্ধার কাছে পরাজয়ের পর অভ্যন্তরীণ কিছু বিষয় প্রকাশ্যে চলে আসে। টানা তৃতীয় হারের বাজে রেকর্ড গড়ার পর কোচ শফিকুল ইসলাম (মানিক) ক্লাব থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন। দলের পরাজয়ের ক্লাবে চলা উপদলীয় কোন্দলের দিকে পরোক্ষ ইঙ্গিত করেন শফিকুল।এটা ঘটনা, গত ১৮ আগস্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পর বলা হয়েছিল, তিন মাসের মধ্যে ক্লাব লিমিটেড কোম্পানি হবে এবং তখন আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু তারপর ছয় মাস পার হতে চলেছে, ক্লাব এখনো লিমিটেড কোম্পানি হতে পারেনি। মোহামেডান ফুটবল দলও চলছে অভিভাবকহীনভাবে। কাল জরুরি ভিত্তিতে ফুটবল কমিটির সভায় বসা মোহামেডানের জন্য ভালো খবরই। ফুটবল দলের সবকিছু এই কমিটির দেখভাল করার কথা থাকলেও কমিটির দু-একজন সদস্য ছাড়া বাকিরা মাঠে আসেন না। কোচের কাছ থেকে কোনো খোঁজখবরও নেন না। কমিটির চেয়ারম্যান এম এ সালামকে এ মৌসুমে মাঠের আশপাশেও দেখা যাচ্ছে না। সদস্যসচিব থাকেন চট্টগ্রামে। কাজেই কোচ অসহায় বোধ করতেই পারেন। আহ্বায়ক কমিটির কি কোনো দায়িত্ব নেই? ক্লাবের আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ বলেছেন, ‘ফুটবল কমিটিকে আরও সক্রিয় হতে হবে। মূল কাজটা তাদের। তবে ক্লাবে কিছু সমস্যা আছে। আশা করি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে ক্লাবকে লিমিটেড কোম্পানি করা সম্ভব হবে। তখন আর সমস্যা থাকবে না। এখন তো কেউই টাকা দিতে চান না। ক্লাব লিমিটেড হলে সমস্যাটা কাটবে।’বাংলাদেশ লিগে আর একটি ম্যাচ হারলে রেকর্ডটা আরও খারাপ হবে মোহামেডানের। এই অবস্থায় মাঠের বাইরে অন্তত ফুটবল কমিটির সভা করাটাকেও ইতিবাচক বলে ভাবছেন ক্লাব-সংশ্লিষ্টরা।