মোহামেডানের ড্র, আলফাজের হ্যাটট্রিক
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগের ম্যাচে শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ঢাকা মোহামেডান। এবার সিলেটে গিয়েও পয়েন্ট খোয়াতে হলো তাদের। সিলেট স্টেডিয়ামে স্থানীয় বিয়ানীবাজারের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পরও ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে অবশ্য দ্বিতীয় স্থানেই আছে মোহামেডান। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে বিয়ানীবাজার।৪৫ মিনিটে মোহামেডানকে এগিয়ে দিয়েছিলেন বুকোলা। দ্বিতীয়ার্ধে বিয়ানীবাজারের একাধিক পাল্টা আক্রমণ ব্যর্থ হলে এই গোলই ফল নির্ধারক হবে বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগে গোলটি শোধ করে দেন বিয়ানীবাজারের লাইবেরিয়ান খেলোয়াড় বেঞ্জামিন।খেলা শেষ হওয়ার পরপরই মোহামেডানের কয়েকজন খেলোয়াড় রেফারিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস চৌধুরীর সঙ্গে মোহামেডানের খেলোয়াড়দের কথা কাটাকাটি হয়। কিছু উচ্ছৃঙ্খল দর্শকও তখন মাঠে ঢুকে খেলোয়াড়দের ওপর আক্রমণের চেষ্টা চালায়। পুলিশ ও বিয়ানীবাজার একাদশের খেলোয়াড়দের সহায়তায় মোহামেডানের খেলোয়াড়-কর্মকর্তারা নিরাপদ স্থানে পৌঁছেন। দর্শকেরা মোহামেডানের ড্রেসিংরুম লক্ষ করে ইটপাটকেল ছুড়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামে অন্য ম্যাচে আলফাজের হ্যাটট্রিকে আরামবাগ ৪-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। আমাদের চট্টগ্রাম অফিস জানিয়েছে, স্কোরলাইন দেখে বোঝার উপায় না থাকলেও ম্যাচটির দ্বিতীয়ার্ধে পুরোপুরি প্রাধান্য ছিল স্থানীয় দলটির। তিন-তিনবার বল ফিরেছে বারে লেগে। তার পরও প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনী ৬৩ মিনিটে সুমনের গোলে স্কোরলাইন ২-১ করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে আরও দুই গোল করে আরামবাগ। আরামবাগের জয়ের নায়ক আলফাজ কাল করলেন এ মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক। ২৪ মিনিটে ডমিনির ফ্রি-কিক থেকে বক্সে বল পেয়ে প্রথম গোল করেন, এর ১৫ মিনিট পর নিজেই ফ্রি-কিক থেকে করেন দ্বিতীয়টি।হ্যাটট্রিক গোলটির জন্য কৃতিত্ব দিতে হয় সতীর্থ নিকোডিমাসকেও। ৭৩ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে শট নিয়েছিলেন তিনি। বল সাইডবারে লেগে চলে যায় আলফাজের পায়ে। সেটি জালে পাঠাতে ভুল করেননি আলফাজ। শেষ মিনিটে আরামবাগের শেষ গোলটি অবশ্য করেছেন নিকোডিমাসই।৯ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে আরামবাগ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দশম চট্টগ্রাম আবাহনী।আজকের খেলা: আবাহনী-ফরাশগঞ্জ (বঙ্গবন্ধু স্টেডিয়াম, শুরু বিকেল ৫টা); ফেনী সকার-শেখ রাসেল (ফেনী স্টেডিয়াম, বিকেল ৩-৩০ মি.)