মোহামেডানের ড্রয়ের দর্শক বুকোলারা
আবাহনী হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, মোহামেডান হ্যাটট্রিক রানার্সআপ—বাংলাদেশ ফুটবল লিগের আকর্ষণ শেষ। বাকি দুটি ম্যাচ দুই প্রধানের কাছে নিয়মরক্ষারই। মোহামেডান তাদের শেষ দুই ম্যাচের আগেরটি খেলল কাল, খেললই শুধু। ভাঙা মন নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নামা মোহামেডানকে চেনা যায়নি। মনোযোগ হারিয়ে ফেলার পাশাপাশি আরেকটা কারণ, বেতনের দাবিতে আবারও বিদ্রোহ করেছেন তিন নাইজেরিয়ান। এদিন মাঠে নামেননি তাঁরা।জাতীয় দলের ৮-৯ জন খেলোয়াড় নিয়ে যে দলের প্রথম একাদশ, সেই মোহামেডানের বিদেশি ছাড়াই ছোট দলের বিপক্ষে জেতার কথা। কিন্তু কালকের মোহামেডানের সাধ্যে কুলোল না চট্টগ্রাম মোহামেডানকে হারানো। উপরন্তু পিছিয়ে পড়েছে আগে। তবে জিততে না পারলেও হার এড়াতে পেরেছে বড় মোহামেডান (১-১)। এবারের লিগে মোহামেডানের এটি পঞ্চম ড্র। আবাহনী ড্র করেছে মাত্র একটি, সেটি এই মোহামেডানের সঙ্গেই।৫৩ মিনিটে চট্টগ্রাম মোহামেডানকে এগিয়ে নেন আকবর হোসেন (রিদন)। ৭৫ মিনিটে আবদুল বাতেন (কমল) গোল করে লজ্জা থেকে বাঁচান ঢাকা মোহামেডানকে। অবশ্য এখন আর লজ্জা-টজ্জা নিয়ে মোহামেডান ভাবছে না। লিগ শেষ করতে পারলেই যেন বাঁচে! পয়েন্টের হিসাব নিয়েও তাদের কোনো আগ্রহ নেই। তবু জানানো দরকার ২৩ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৫৯, আবাহনীর ৬৭। চট্টগ্রাম মোহামেডানের ২৫।ম্যাচের পর বুকোলা বললেন, ‘পাঁচ মাস বেতন বকেয়া। আমরা খেলায় মনোযোগ দিতে পারছি না। ক্যারিয়ার ধ্বংস হচ্ছে আমাদের। তার পরও আবার মাঠের বাইরে থাকতে বাধ্য হলাম। আমরা বকেয়া বেতন চাই, আমাদের তো পরিবার আছে।’