মোহামেডানের ত্রাতা সেই মরিসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ বানিয়ে ওসে মরিসনকে সংবর্ধনা দেওয়ার সময় এসে গেছে মোহামেডানের। ঘানাইয়ান স্ট্রাইকার মোহামেডানকে বলতে গেলে একাই টেনে নিচ্ছেন।মরিসন গোল পেলে দল হাসে, নইলে হতাশায় পোড়ে। কালও তা-ই, অবশ্য এদিন একটা পয়েন্ট পাওয়ার আনন্দ সঙ্গী হয়েছে মরিসনের কল্যাণে। হারতে হারতে বিজেএমসির মুঠো থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন তিনি। যেমনটা নিয়েছেন লিগের প্রথম পর্বেও।ওই ম্যাচে বিজেএমসির জয় ছিনিয়ে নেওয়া গোলটি মরিসন করেছিলেন শেষ মিনিটে (১-১)। কাল ফিরতি পর্বেও প্রায় একই দৃশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে, মরিসনের এবারের গোলটি ৮৮ মিনিটে (১-১)। একটু দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেছেন। লিগে এটি মরিসনের নবম গোল, দলের গোলই মোট ১৩টি। মোহামেডান যেন মরিসনের দল! ওদিকে আরও একবার হতাশায় পুড়ল বিজেএমসি। শেষ মুহূর্তে গোল খাওয়ার রোগে পেয়ে বসেছে বিজেএমসিকে। এগিয়ে থেকেও দলটা জিততে পারেনি কয়েকটি ম্যাচে। কোচ জাকারিয়া বাবুর কণ্ঠে অসহায়ত্ব, ‘খেলোয়াড়েরা শেষ দিকে মনোযোগ হারিয়ে ফেলছে। এটা বড় সমস্যা।’চোটের কারণে গোলরক্ষক আমিনুলকে কাল পায়নি বিজেএমসি। এর একটা প্রভাব থাকলেও ৪৫ মিনিটে এগিয়ে যায় দলটা। মোহামেডান ডিফেন্ডার ইয়াসিনের গা-ছাড়া মনোভাবের সুযোগ নিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এলিটা কিংসলে। মোহামেডান এরপর গোলের জন্য চেষ্টা করে গেছে। তবে দলের বড় শক্তি উইং প্লে সেভাবে কার্যকর না থাকায় গোল পেতে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। সহকারী কোচ জুয়েল রানার হতাশা, ‘আমাদের খেলায় ধারাবাহিকতার খুব অভাব।’১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন চারে। পাঁচে বিজেএমসি (১৬)।