আগামীকাল থেকে শুরু ক্লাব কাপ হকি। মোহামেডানসহ বিদ্রোহী চার ক্লাব অংশ নিচ্ছে না এই টুর্নামেন্টে। খেলবে না প্রিমিয়ার লিগেও। কিন্তু মোহামেডানে নাম লেখানো খেলোয়াড়দের অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে অংশ নিচ্ছে ক্লাব কাপ ও লিগে। পুস্কর খীসা মিমো ও শেখ মোহাম্মদ নান্নু আগেই আবাহনীতে নাম লিখিয়েছেন। এবার সারোয়ার হোসেন ও মইনুল ইসলাম কৌশিকও যোগ দিলেন ঊষা ক্রীড়াচক্রে।
মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ জিমি, জাহিদ, চন্দন, রানা, পিন্টুরা বহিষ্কৃত। বাকিদের মধ্যে দুই ফরোয়ার্ড কৌশিক ও সারোয়ারের সঙ্গে নৌবাহিনীর মামুনুর রহমান চয়ন, অভিজ্ঞ মাকসুদ আলম হাবুলদের নিয়ে এবার বেশ শক্তিশালী দলই গড়েছে ঊষা। ভারতের চার খেলোয়াড়ের সঙ্গেও কথাবার্তা প্রায় নিশ্চিত করে ফেলেছে ক্লাবটি। তবে পাকিস্তানি কোচ রানা জহির আসতে পারবেন না বলে মামুনুর রশিদকে দায়িত্ব দিয়েছে ঊষা।
বিদেশি খেলোয়াড় আনা হবে কি না, এ নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আবাহনী। আপাতত বিদেশি খেলোয়াড় ছাড়াই ক্লাব কাপে অংশ নেবে তারা। কাল আবাহনীর কোচ মাহবুব হারুন আভাস দিলেন, ‘লিগের শেষ পাঁচ-ছয়টি ম্যাচে বিদেশি খেলোয়াড় আনতে পারি।’ ভারতের সাবেক খেলোয়াড় ধনরাজ পিল্লাই সমন্বয় করছেন তাঁদের খেলোয়াড় আনার ব্যাপারটি, তাঁর দল এয়ার ইন্ডিয়া থেকেই ভালোমানের খেলোয়াড় চাইছে আবাহনী। এবারের ক্লাব কাপ ও লিগে পাঁচজন বিদেশির নাম নিবন্ধন করে এক ম্যাচে খেলানো যাবে চারজনকে।