মোহামেডানের দ্বিতীয় পর্ব জয়ে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা কাপের সেমিফাইনালেই তাঁর কাছ থেকে ভালো কিছু চেয়েছিল ঢাকা মোহামেডান। কিন্তু নিজের প্রথম ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেননি সানডি সিবোজা। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই কাল গোল করলেন নাইজেরিয়ান স্ট্রাইকার। আর চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব শুরু করল ধুঁকতে থাকা মোহামেডান।কক্সবাজারে হওয়া ম্যাচটিতে মোহামেডানের দ্বিতীয় গোলটি করেছেন আনোয়ার। ৭১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চট্টগ্রাম আবাহনীর লাইবেরিয়ান স্ট্রাইকার অ্যান্থনিকে। তবে সুযোগটা কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারেনি মোহামেডান।প্রত্যাশিত জয় পেয়ে খুশি মোহামেডান কোচ শফিকুল ইসলাম, কিন্তু অখুশি তিনি কক্সবাজার জেলা স্টেডিয়ামের মাঠ নিয়ে, ‘মাঠটা অসমতল। এখানে খেলতে সমস্যা হয়।’ ২ মে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে খেলে ঢাকায় ফিরবে দলটি। এই জয়ে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল মোহামেডান। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মুক্তিযোদ্ধা। আজকের খেলা: চট্টগ্রাম মোহামেডান-ফেনী সকার ও শেখ রাসেল-ফরাশগঞ্জ (বিকেল ৪টা ও ৫টা; কক্সবাজার ও বঙ্গবন্ধু স্টেডিয়াম)।