মোহামেডানের নতুন কোচ শফিকুল ইসলাম মানিক
আনুষ্ঠানিক দলবদলের আগেই ঘর ভেঙে গেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের। দলের তারকা ফুটবলাররা নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদে। এর পরও পেশাদার লিগের জন্য এ পর্যন্ত ১৪ জন তরুণ খেলোয়াড়কে দলভুক্ত করেছে তারা। এঁদের নিয়েই আগামী লিগের প্রস্তুতি নিচ্ছে কালো-সাদা জার্সিধারীরা। আর এই তরুণ দলের কোচ হিসেবে মোহামেডানের যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক।আজ সোমবার মতিঝিলের ক্লাব প্যাভিলিয়নে শফিকুল ইসলাম মানিকের সঙ্গে আগামী দুই বছরের জন্য চুক্তি করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মানিকের সঙ্গে তাঁর সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ পনিরকে। এ ছাড়া অবিলম্বে একজন ফিজিও এবং বিদেশি ট্রেইনারও নিয়োগ দেওয়া হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।ক্লাবের আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ চুক্তি স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে মানিককে মোহামেডানের কোচ হিসেবে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আবদুস সালাম মুর্শেদী, মোস্তাকুর রহমান, সাজিদ এ আদেল, ওয়ালী বিন সাব্বিরসহ সাবেক খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।মানিকের অধীনে এর আগেও ২০০৫ সালে পেশাদার লিগে এমনই দুর্বল দল গঠন করেছিল মোহামেডান। সে বছর দুর্বল দল নিয়েই মোহামেডান পেশাদার লিগে রানারআপ হয়েছিল। কাকতালীয়ভাবে এবারও তারুণ্যনির্ভর মোহামেডান দলের দায়িত্ব নেওয়ার পর মানিক বলেছেন, ‘ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের প্রত্যাশা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’ বাসস, ইউএনবি