
লিগের প্রথম পর্বে উত্তর বারিধারার সঙ্গে গোলশূন্য ড্র। দ্বিতীয় পর্বেও মোহামেডানকে প্রায় আটকে দিয়েছিল লিগের নবাগত দলটি! কিন্তু ৯০ মিনিটে মোহামেডানের ত্রাতা হয়ে দেখা দিলেন ওয়াহেদ। অরূপের ক্রস থেকে বক্সের মধ্যে জটলায় ওয়াহেদের প্লেসিংয়ে বল জালে। সেটিই ম্যাচের একমাত্র গোল বলে মোহামেডানের জয়টা বেশ কষ্টার্জিতই।
এই জয়ে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে উঠে এল মোহামেডান। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। আবাহনী আছে দুইয়ে (২২)।
মুক্তিযোদ্ধার বিপক্ষে লাল কার্ড দেখায় কাল খেলতে পারেননি মোহামেডান উইঙ্গার জাহিদ। স্ট্রাইকার এমিলিকেও কোচ রুই ক্যাপেলা তুলে নেন প্রথমার্ধে। তাঁর জায়গায় সুযোগ পেয়ে ওয়াহেদ সমর্থকদের খুশিই করে দিলেন।
অন্য দিনের মতো কাল রক্ষণাত্মক খেলেনি মোহামেডান। কোচ ক্যাপেলা আক্রমণাত্মক ছকই সাজান। বল দখলে ছিল মোহামেডানেরই আধিপত্য। বেশির ভাগ সময়ই মোহামেডান গোলরক্ষক মামুন পোস্টের নিচে দাঁড়িয়ে দলের খেলা দেখেছেন।
৮০ মিনিটে নিশ্চিত একটা গোলের সুযোগ নষ্ট করেন উত্তর বারিধারার নাইজেরিয়ান ফরোয়ার্ড লাকি ডিভাইন। সেটি গোল হলে ম্যাচের স্কোরলাইন হতে পারত অন্য রকম। দিনের প্রথম ম্যাচে ছিল উল্টো দৃশ্য—গোল উৎসবে মেতে ওঠে মুক্তিযোদ্ধা। বিজেএমসিকে তারা হারিয়েছে ৪-২ গোলে।
পরশু রাতে পুত্রসন্তানের বাবা হয়েছেন সানডে সিজোবা। ম্যাচের চতুর্থ গোলটি করেই মাঠের এক কোনায় ছুটে গেলেন এই নাইজেরিয়ান। ‘বেবেতো’র মতো গোল উদ্যাপনে মেতে উঠলেন সানডে। সঙ্গে যোগ দিলেন সতীর্থরাও। এমন আনন্দের সন্ধ্যায় সানডের সঙ্গী হতে মেতে উঠেছিল পুরো মুক্তিযোদ্ধা দলই।
স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালের পর লিগের দ্বিতীয় পর্বেও মোহামেডানের কাছে হেরেছিল মুক্তিযোদ্ধা। বিজেএমসির বিপক্ষে জয়টা তাই খুব করেই চাইছিলেন কোচ শফিকুল ইসলাম। ম্যাচ শেষে কোচের মুখে শুধুই খেলোয়াড়দের প্রশংসা, ‘আজ আমি যেভাবে চেয়েছি সেভাবেই খেলেছে ছেলেরা। সুযোগ কাজে লাগিয়েছে। গোল আরও বেশি হওয়া উচিত ছিল। তবে ৩ পয়েন্ট পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট।’ এই জয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চারে মুক্তিযোদ্ধা।
দল ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা মাঠে এবং মাঠের বাইরে কতটা প্রভাব ফেলতে পারে এর বড় উদাহরণ বিজেএমসি। লিগে টানা চার ম্যাচ জয়হীন দলটি দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই হেরেছিল দুর্বল ফেনী সকারের কাছে। অনুশীলনের অভাবে ফুটবলারদের পারফরম্যান্সেও যেন মরচে ধরতে বসেছে। কাল অবশ্য কোচ আসগর আলী নাসির দাবি করলেন, ‘গত তিন দিন খেলোয়াড়েরা অনুশীলন শুরু করেছে।’ কিন্তু মাঠের খেলায় আগের মতোই ছন্দহীন।
২৩ মিনিটে এনকোচা প্রথমে গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন। সানডের ফ্রি কিক বিজেএমসির গোলরক্ষক আরিফুলের হাত ফসকে বেরিয়ে এলে ফিরতি বলে আলতো টোকায় গোল করেন এনকোচা। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করলেন এলিটা কিংসলে। ৫৬ মিনিটে এনকোচার জোড়া গোলে স্কোর ৩-০ করে মুক্তিযোদ্ধা।
৫৮ মিনিটে একটি গোল শোধ করেন বিজেএমসির ইলিয়াসু। ঠিক তিন মিনিট পরই সানডে করেন ৪-১। আর ৭৯ মিনিটে পেনাল্টি থেকে হারের ব্যবধান কমিয়েছে ইসমাইল বাঙ্গুরা। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতেই আছে বিজেএমসি।