মোহামেডানের নির্বাচন স্থগিত
মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচন হচ্ছে না ৫ জুন। কাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন। কিন্তু পরিচালক পদে একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়লেও পরে তা তুলে নেওয়া হয়। ফলে নির্বাচন আপাতত স্থগিত হয়ে গেছে।৭১টি মনোনয়নপত্র কিনেছেন ৫২ জন। পরিচালক পদ ১৬টি, অন্যটি সভাপতি পদ। প্রার্থী বেশি হওয়ায় একটা সমঝোতার পথ খুঁজছেন নীতিনির্ধারকেরা। তাতে ‘সাফল্য’ এসেছে। দুই পক্ষের নানা তৎপরতার কারণেই মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি কাউকে।এ অবস্থায় পরবর্তী করণীয় ঠিক করতে ক্লাব কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে আখতার হোসেন খানের নেতৃত্বে নির্বাচন কমিশন। ক্লাব কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন, ক্লাব সভাপতি কুতুবউদ্দিন আহমেদ আজ বিদেশ থেকে ফিরলে আগামী পরশু বর্তমান পরিচালনা পর্ষদের সভা হতে পারে। সেই সভায় পরবর্তী করণীয় ঠিক করা হবে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের সব প্রক্রিয়াই ঠিক থাকবে।ক্রীড়াঙ্গনে মোহামেডানের নির্বাচন বেশ আলোচিত। কদিন আগেও ক্লাবের ছিল দুঃসময়। ক্লাবের ইতিহাসে সবচেয়ে দুর্বল ফুটবল দল গঠন করা হয়েছে এবারই। কিন্তু নির্বাচন ঘিরে ভিন্ন চিত্র।এই নির্বাচন উপলক্ষে কাল ক্লাব চত্বরে বিপুলসংখ্যক রাজনৈতিক কর্মীকে দেখা গেছে। এরই মধ্যে নজর কাড়ে দুটি ব্যানার। ক্লাবের সভাপতি পদে মোসাদ্দেক আলীকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনার দাবি তুলেছে ‘মোহামেডান ফ্রেন্ডস’। সভাপতি পদে তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন সালাম মুর্শেদী, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম।