মোহামেডানের নির্বাচনে সমঝোতা হয়নি
মোহামেডানের নির্বাচন নিয়ে চারটি মামলা হয়েছিল। আদালতের নির্দেশে দুটির ওপর স্থগিতাদেশ আছে। বাকি দুটির রায়ে নির্বাচন হতে বাধা নেই। সেই অনুযায়ী কাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন।এই নির্বাচন ঘিরে তিনটি পক্ষ আছে বলে শোনা যায়। আরও শোনা যায়, নির্বাচনে সমঝোতার চেষ্টা করা হয়েছে। কিন্তু বারবার নানা জটিলতায় নির্বাচন পিছিয়েও শেষ পর্যন্ত ‘সমঝোতা’ হয়নি।পরিচালকমণ্ডলীর সভাপতি পদে একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম সেটি জমা দিয়েছেন। ক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দেক আলী এই পদের বড় প্রার্থী ছিলেন একসময়। কিন্তু শেষ মুহূর্তের নির্বাচনী দৃশ্যপটে তিনি এবং তাঁর অনুগামীরা নেই। ১৬টি পরিচালক পদে মনোনয়নপত্র জমা পড়েছে ২০টি—দীপক ভৌমিক, মিয়া আহমেদ কিবরিয়া, মোস্তফা কামাল, সারওয়ার হোসেন, ফিরোজ কবির, লোকমান হোসেন ভূঁইয়া, জাকারিয়া পিন্টু, আবদুর রব মাহবুব, প্রতাপ শংকর হাজরা, কামরুন নাহার ডানা, কবীর আহমেদ ভূঁইয়া, আনোয়ারুল হক (হেলাল), ফজলুর রহমান (বাবুল), মাহবুবুল আনাম, সালাম মুর্শেদী, মনজুর আলম, হানিফ ভূঁইয়া, আসাদুল ইসলাম, রেজাউল করিম ও খোন্দকার জামিলউদ্দিন।আলোচিত সংগঠকদের মধ্যে মনোনয়নপত্র জমা দেননি—বাদল রায়, মোস্তাকুর রহমান, লুৎ ফর রহমান (বাদল), সাজেদ আদেল, আমিরুল ইসলাম (বাবু), এম এ সালাম, শরিফুল আলম, এনায়েত হোসেন (সিরাজ), জয়নুল আবদিন ফারুক। এই নয়জন বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য।এই পর্ষদের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদও নির্বাচন করছেন না। কাল বিকেলে ক্লাব ভবনে বললেন, ‘আমি সভাপতি পদে নির্বাচন করতে কখনোই আগ্রহী ছিলাম না। তবে ক্লাবের সঙ্গে সব সময়ই যুক্ত থাকব।’পরিচালক পদে চারটি মনোনয়নপত্র বেশি পড়ায় এগুলো প্রত্যাহারের চেষ্টা চলছে। নইলে ২১ সেপ্টেম্বর ভোটাভুটি। তবে সব প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কী হয় বলা কঠিন। আবার যে মামলা হবে না সেই নিশ্চয়তা নেই।কাল মতিঝিল ক্লাব ভবনে পুলিশি নিরাপত্তা ছিল। তবে নির্বিঘ্নেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে।