
টুর্নামেন্টের নাম সুপার কাপ বলেই কি দুর্বার মোহামেডান? মৌসুমে প্রিমিয়ার লিগে হয়েছে পঞ্চম। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের সেমিফাইনালেই বিদায়। অথচ সেই দলটিই সুপার কাপে একেবারে ভিন্ন চেহারায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সেমিফাইনালে মুক্তিযোদ্ধার বিপক্ষে ২-০ গোলের জয় মোহামেডানকে তুলে দিল টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে। সেমিফাইনালে বিদায়—এটা যেন এখন মুক্তিযোদ্ধার নিয়তি। এই মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপেও তারা হেরেছিল শেষ চারে। কালও সেমির ‘গেরোতেই’ আটকা পড়ল মুক্তিযোদ্ধা। তবে বাস্তবতা মেনে নিয়ে কোচ শফিকুল ইসলাম (মানিক) নিজেদের সামর্থ্যেই খুশি থাকতে চাইলেন, ‘মুক্তিযোদ্ধা ফাইনালে খেললে সেটাই বড় চমক হতো। যে দল নিয়ে খেলেছি, তাতে সেমিফাইনালে হেরে আফসোসের কিছু নেই।’ চমক দেখাতে পারেনি মুক্তিযোদ্ধা। উল্টো পুরো টুর্নামেন্টে চমক উপহার দিয়েছে মোহামেডানই। গতিময় ফুটবল খেলা মোহামেডানের খেলোয়াড়দের টিম স্পিরিটই বলে দিচ্ছিল কতটা সাফল্যপিয়াসী তারা সুপার কাপে। অথচ এই মোহামেডানই এবার সুপার কাপে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল! শেষ পর্যন্ত ২৫ জুনের ফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ সাদা-কালো দলটিই।
গত সপ্তাহে ঢাকা ছাড়ার আগে জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ প্রশংসায় ভিজিয়ে গেছেন মোহামেডানের খেলোয়াড়দের। প্রশংসা পেতেই পারেন ওয়াহেদ, মোবারকরা। এই দুজনের চমৎকার যুগলবন্দীতেই যে ফাইনালে মোহামেডান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিজেএমসির বিপক্ষে যে গতিতে খেলেছে মোহামেডান, কালও খেলল সেই গতিতে।
শুরু থেকেই আক্রমণে গেছে মোহামেডান। ম্যাচের ২ মিনিটে ওয়াহেদ বক্সে ঢুকে বল তুলে দেন বারের ওপরে। ১২ মিনিটে রজনী বক্সে বল পেয়েও গোল করতে পারেননি। বারবার আক্রমণে গেলেও মোহামেডানের প্রথম সাফল্য বিরতিতে যাওয়ার ঠিক আগে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া গোলটি করেন ওয়াহেদ, বক্সের সামান্য বাইরে থেকে মোবারকের দর্শনীয় ক্রসে হেড করে। ব্যবধান দ্বিগুণ করা মোবারকের গোলটি ছিল ৬২ মিনিটে। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে যান মোবারক। বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে গোলরক্ষক জিয়ার মাথার ওপর দিয়ে বল তুলে দেন তরুণ স্ট্রাইকার (২-০)।
মুক্তিযোদ্ধা প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়ে ছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার বিপ্লব। আর দুই গোলে পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা তো বাকি সময়ে হালই ছেড়ে দিল।
টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠায় শিষ্যদের প্রশংসায় ভেজালেন কোচ সাইফুল বারী (টিটু), ‘এই জয়ের পুরো কৃতিত্বই খেলোয়াড়দের। প্রচণ্ড গরমে ৯০ মিনিট খেলা সম্ভব ছিল না। তবুও সমানতালে খেলেছে ওরা।’
টুর্নামেন্ট শুরুর আগে মোহামেডানের স্থানীয় খেলোয়াড়েরা আস্থার সংকটে ভুগছিলেন। তাঁদের জন্য এই টুর্নামেন্ট ছিল নিজেদের প্রমাণের সুযোগ। কাল ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর মোবারকও সেটাই বললেন, ‘আমাদের ওপর ভরসা পাচ্ছিলেন না কর্মকর্তারা। এই টুর্নামেন্টকে তাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। শুরুর আগে সিনিয়রদের সঙ্গে মিটিং করি। তখনই ঠিক করেছিলাম নিজেদের প্রমাণ করতে হবে।’ ফাইনালে ওঠায় এই মৌসুমের বকেয়া পারিশ্রমিক পাওয়ার প্রতিশ্রুতিও পেয়েছেন মোবারকরা।