মোহামেডানের মুখে হাসি ফোটালেন নুরুল

মাশরাফির সিলেটের স্মৃতি এখনো টাটকা! গত ম্যাচে সাকিবের প্রাইম ব্যাংক সিসির কাছে রীতিমতো গো-হারা হারার পর মোহামেডানের জয়ের তাড়না তো ছিলই, সঙ্গে শিরোপা দৌড়ে এগিয়ে থাকাটাও ছিল জরুরি। মোটামুটি দুটি পরিকল্পনাই সফল হয়েছে মোহামেডানের। আজ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা স্বপ্ন জিইয়ে রাখল মাশরাফির দল।
আগের সেই লড়াইয়ের উত্তাপ না থাকলেও দুই বড় দল মুখোমুখি হলে এখনো সেটি বড় ম্যাচ তো বটেই। তবে সেই বড় ম্যাচের নায়ক কিন্তু ‘ছোট’রাই। আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৫২ করেছেন সৌম্য সরকার। কিন্তু নুরুলের ৪৭ বলে ১০টি চার ও ২ ছক্কায় খেলা অপরাজিত ৭৯ রানের ইনিংসটাই সহজ জয় এনে দেয় মোহামেডানকে। বড় লক্ষ্য হলেও এক ওভার হাতে রেখেই ম্যাচটা জিতেছে মোহামেডান। সিলেট পর্ব শেষে মিরপুরে ‘হোম অব ক্রিকেটে’ ফেরা বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটের নবম ম্যাচটি বলা যায় হেসে খেলেই জিতেছে তারা।
আবাহনীকে বিস্ফোরক শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার মিজানুর ও শামসুর রহমান। ওভারে দশের ওপর রান তুলে ৬ ওভারের আগেই স্কোর বোর্ডে ৬০ রান এনে দেন তাঁরা। কিন্তু দুই রানের ব্যবধানে দুজনই ফিরে এলে কিছুটা চাপে পড়ে যায় আবাহনী। তৃতীয় উইকেটে মাহমদুউল্লাহকে সঙ্গে নিয়ে ৬৪ রানের আরেকটি দারুণ জুটি গড়েন সৌম্য। ৩৩ বলে ফিফটি করা সৌম্য অবশ্য পরের বলেই আউট হয়ে যান। কিন্তু ততক্ষণে ১৫০ রানের কোটা পেরিয়ে গেছে আবাহনী, হাতে আছে ঝড় তোলার জন্য শেষ তিন ওভার। যদিও ৬ উইকেট হাতে থাকলেও শেষ ২০ বলে মাত্র ২১ রান তুলতে পেরেছে আবাহনী।
আবাহনীর ছুড়ে দেওয়া ১৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে জহিরুল ও জুনায়েদও ভালো শুরু এনে দেন মোহামেডানকে। প্রথম ৩১ বলে তোলে ৪২। এবার বল হাতে ব্রেক থ্রু এনে দেন সৌম্যই। কিন্তু আজ আবাহনী বোলারদের জন্য ছিল বাজে একটি দিন। নুরুলের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি জুনায়েদ সিদ্দিকের ৩১ বলে ৪১ এবং মুমিনুল হকের ১৯ বলে ২২ রানের ইনিংসও দলের জয়ে ভূমিকা রাখে। ভালো ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেটে জুনায়েদ-নুরুলের ৭৮ রানের জুটিই ম্যাচের ভাগ্য একরকম ঠিক করে দেয়।
বোলাদের ব্যর্থতার দিনে মোহামেডানের দেওয়ান সাব্বির ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন।
দিনের অন্য ম্যাচে ইউসিবি-বিসিবি একাদশের বিপক্ষে ব্যাটিং করছে প্রাইম ব্যাংক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাইম ব্যাংক ১০.২ ওভারে ৪ উইকেটে ৯০ রান করেছে তারা।