মোহামেডানের যুব ফুটবল ক্যাম্প
নতুন খেলোয়াড় তৈরির বড় দায়িত্ব ক্লাবের। কিন্তু বাংলাদেশের ফুটবল ক্লাবগুলো সেদিকে নজর দেয় না। এর আগে বিচ্ছিন্নভাবে কিছু যুব ফুটবল ক্যাম্প করেছে কয়েকটি দল। তবে ধারাবাহিকতা রাখতে পারেনি। সেই অভিজ্ঞতা আর ফিরিয়ে আনতে চায় না মোহামেডান। এবার তারা লম্বা সময়ের জন্য যুব ফুটবল ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে।এরই মধ্যে মাঠেও নেমেছে মোহামেডান। অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ১৬০ জন ফুটবলারকে নিয়ে তিন দিনের বাছাই ক্যাম্প তারা কমলাপুর স্টেডিয়ামে শুরু করে দিয়েছে কাল থেকে। এখান থেকে নির্বাচিতদের নিয়ে দীর্ঘ মেয়াদে ক্যাম্প হবে। এই খেলোয়াড়দের মধ্য থেকে ভবিষ্যতে মূল দলের জন্য কয়েকজন খেলোয়াড় বের করতে চায় মোহামেডানের। মূলত পাইওনিয়ার লিগ থেকেই খেলোয়াড় বাছাই করা হয়েছে।বাংলাদেশ লিগের সব দলেরই একটি করে যুবদল থাকা বাধ্যতামূলক করেছে বাফুফে। কিন্তু ক্লাবগুলোর উদ্যোগ খুব একটা দেখা যায় না। মূল দলের পেছনেই খরচ করছে সব টাকা। এ ক্ষেত্রে মোহামেডানের উদ্যোগটা অন্যদের পথ দেখাতে পারে।