মোহামেডানের শুভ উদ্যোগ
ক্রিকেট, ফুটবলের পর এবার তৃণমূল থেকে দাবাড়ু তৈরির ব্যতিক্রমী উদ্যোগ নিল মোহামেডান। সেটিরই অংশ হিসেবে আগামীকাল থেকে আন্তর্জাতিক স্কুল দাবা টুর্নামেন্টের আয়োজন করছে ঐতিহ্যবাহী দলটি। টুর্নামেন্টের পোশাকি নাম ‘মোহামেডান আন্তর্জাতিক স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ ২০১৪’।
মতিঝিল ক্লাব মিলনায়তনেই হচ্ছে প্রতিযোগিতা। গোটা আয়োজন পাঁচ দিনের, বাংলাদেশের ৩০টি স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে থাকছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার আটজন খুদে দাবাড়ু। খেলা হবে অষ্টম-দশম শ্রেণী (ছাত্র), ষষ্ঠ-দশম শ্রেণী (ছাত্রী), পঞ্চম-সপ্তম শ্রেণী (ছাত্র), নার্সারি-দ্বিতীয় শ্রেণী (ছাত্র ও ছাত্রী), তৃতীয়-চতুর্থ শ্রেণী (ছাত্র) ও তৃতীয়-পঞ্চম শ্রেণী (ছাত্রী)—এই ছয়টি বিভাগে।
পুরস্কারের তালিকায় আছে ল্যাপটপ, ডেস্কটপ, নোটবুক, ম্যাগনেট দাবা সেট। একজন দাবাড়ু শুধু একটি বিভাগেই খেলতে পারবে। দাবার সরঞ্জামসহ আনুষঙ্গিক সুবিধা দিচ্ছে দাবা ফেডারেশন। কাল মোহামেডান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মোহামেডানের পরিচালক সারোয়ার হোসেন। উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেকসহ অন্যরা।