মোহামেডানের শুভযাত্রাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু আবাহনী-শেখ জামাল ম্যাচ দেখতে এসেছিলেন মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হক। কমলাপুর স্টেডিয়ামের এক কোনায় কয়েকজন মোহামেডান-শুভার্থীর সঙ্গে দেখা হয়ে গেল মারুফের। মোহামেডান-শুভার্থীরা মুক্তিযোদ্ধা কোচকে হেসে বললেন, ‘কাল আমাদের বেশি গোল দিয়েন না...। আমরা তো এবার ‘‘ছোট’’ দল।’মারুফের উত্তর ছিল, ‘কী যে বলেন! মোহামেডান তো মোহামেডানই। জার্সির একটা ওজন আছে না! এই দলকে গোল কি বলে-কয়ে দেওয়া যায়!’সামনে কী হবে কে জানে, তবে মৌসুমে প্রথম মাঠে নেমেই জার্সির কথা মনে করিয়ে দিলেন মোহামেডানের খেলোয়াড়েরা। অখ্যাত তরুণদের নিয়ে গড়া মোহামেডানের বিপক্ষে গোলই করতে পারল না শক্তিশালী মুক্তিযোদ্ধা। গোলশূন্য ম্যাচটা যেন ঘোষণা করল, মোহামেডান এবার যতই সাদামাটা দল হোক, সাদা-কালো জার্সির ওজন ঠিকই আছে।প্রেসবক্সে জোর আলোচনা, মোহামেডান আস্তে আস্তে গুছিয়ে উঠবে। এই আস্থাটা সাদা-কালোরা অটুট রাখতে পারে কি না, কৌতূহল থাকল। তবে মুক্তিযোদ্ধাকে ঠেকিয়ে ফেডারেশন কাপে হ্যাটট্রিক শিরোপা-মিশনের শুরুতে ‘সফলতা’ পেয়ে দলটিকে উজ্জীবিতই লাগল কাল। ম্যাচের পর কোচ শফিকুল ইসলামের অভিব্যক্তিও নীরবে জানান দিচ্ছিল, ‘শুরুতেই বড় ম্যাচ খেললাম, প্রস্তুতি ভালো ছিল না। এটা বিবেচনা করলে প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’সন্তুষ্ট মোহামেডানের সমর্থকেরাও। কমলাপুরের গ্যালারিতে তাই ম্যাচের পর বাজি ফুটল। অন্যদিকে মুক্তিযোদ্ধা-শিবির ছিল হতাশ। তা থেকে অনুচ্চারিত বাক্য ছিল একটাই, ‘এই মোহামেডানকেও হারাতে পারে না নতুন শক্তিতে বলীয়ান মুক্তিযোদ্ধা!’গত দুই মৌসুমে মোহামেডানের কোচ ছিলেন মারুফুল হক। এবার মুক্তিযোদ্ধার দায়িত্ব নিয়ে নিজের প্রথম বড় ম্যাচেই সেই মোহামেডানের কাছে আটকে গেলেন। বিষন্ন মারুফুল হক বলছিলেন, ‘আমি খুশি নই। অনেক গোল মিস হয়েছে। কয়েকজন খেলোয়াড়ের জ্বর ছিল, তাই প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি।’চেষ্টার ত্রুটি অবশ্য রাখেনি লাল-সাদা দল। ‘প্রেসিং ফুটবল’ খেলে আক্রমণ করেছে অনেক। মোহামেডান ছেড়ে আসা নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা, সুদানের ফরোয়ার্ড জেমস মগা, রনির মাধ্যমে গড়া ওই আক্রমণগুলো পরিণতি পায়নি লক্ষ্যভেদের ব্যর্থতায়। তবে প্রশংসা পেতে পারেন মোহামেডান গোলরক্ষক তিতুমীর চৌধুরী। মুক্তিযোদ্ধার গোটা তিনেক সুযোগ নস্যাৎ করে দিয়েছেন অভিজ্ঞ এই গোলরক্ষক।অভিজ্ঞতার দিক থেকে মোহামেডান অনেকটাই পিছিয়ে। পুরোনো স্ট্রাইকার এমেকা, শরিফ, হাসান আল মামুন ছাড়া বড় দলে খেলেননি অন্যরা। তার ওপর কাল দুপুর পর্যন্ত তিনজন বিদেশির আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় দুজন বিদেশি নিয়েই খেলতে নামে মতিঝিলের দলটি। কৌশল ছিল—ঘর সামলে আক্রমণে যাও এবং সেটি বাস্তবায়নও করেছে মোহামেডান।একবার অবশ্য মোহামেডানের এমেকা মুক্তিযোদ্ধার জালে বল জড়িয়েছেন, কিন্তু ফাউলের জন্য গোল দেওয়া হয়নি। মোহামেডানের জালেও একবার বল ঢুকিয়েছিলেন মুক্তিযোদ্ধার মগা। কিন্তু রেফারি তৈয়ব হাসান ফাউলের বাঁশি বাজান মগার বিপক্ষে। এটা মানতে না পেরে রেফারিং নিয়ে ক্ষোভ জানাল মুক্তিযোদ্ধা। সেই ক্ষোভ, অভিযোগ সবই অবশ্য চাপা পড়ে গেছে মোহামেডানের বিপক্ষে জিততে না পারার হতাশার কাছে!মোহামেডান: তিতুমীর, আরাফাত, মামুন, শাহেদ, শরীফ, কবির, জাহিদুল, শফিকুল (রনি), আনোয়ার, এমেকা, লাকি। মুক্তিযোদ্ধা: বিপ্লব, সৈকত (জহির), নাসির (মিঠুন), রজনী, মুন্না, টিটু, বুকোলা, মগা (জাহেদ), ড্যামি, রানা, মারুফ।