মোহামেডানের স্বপ্ন শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি নামল। এর ঠিক কয়েক সেকেন্ড আগে প্রায় ধুয়ে গেল পেশাদার ফুটবল লিগে মোহামেডানের শিরোপা-স্বপ্ন। প্রথম দুটি লিগ জেতা যায়নি, তৃতীয়বারের শিরোপাও মোহামেডানের কাছে অধরা থেকে যাওয়ার সম্ভাবনাই প্রবল। মোহামেডান এখন বলতে পারে—‘হায় এ কী হলো!’মোহামেডানের এই স্বপ্নটাকে কাল প্রায় শেষ করে দিল ফরাশগঞ্জ। দুই গোলে এগিয়ে থাকা মোহামেডানকে ২-২ গোলে ড্র করতে বাধ্য করেছে পুরান ঢাকার দলটি। আবাহনীর হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়াটা এখন তাই সময়ের ব্যাপার। ১৯ ম্যাচে ১৮ জয় আর এক ড্রয়ে আবাহনীর পয়েন্ট ৫৫, ১৫ জয় আর ৪ ড্রয়ে মোহামেডানের ৪৯। ম্যাচ বাকি আর ৫টি করে। ছয় পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে মোহামেডান শিরোপা জিতবে, এমনটা আশা করা বাড়াবাড়ি।অথচ কালই এত নেতিবাচক ভাবনাটা মোহামেডান শিবিরে আসার কথা ছিল না। ৪৩ ও ৫৭ মিনিটে গোল করে দলকে নির্ভার করে দিয়েছিলেন মামুনুল ও বুকোলা। তবে এই দুই গোলের আগে-পরে দুর্ভাগ্যও সঙ্গী হয়েছে তাদের, তিনটি হেড লেগেছে ক্রসবারে। তবে দুই গোল পাওয়ার পর নির্ভার হয়ে যাওয়াটাই দলের সর্বনাশ করেছে বলে দলের টিম ম্যানেজমেন্টের ভাবনা। গোটা চারেক গোল করে যেখানে নিজেদের নিরাপদ দূরত্বে নেওয়ার সুযোগ ছিল, উল্টো দুই গোলেই সন্তুষ্ট হয়ে তারা খেলল গা-ছাড়া ফুটবল। মাঝমাঠ বলতে কিছু ছিল না দুই গোলের পর। রক্ষণ ছিল এলোমেলো।ফরাশগঞ্জ এই সুযোগ নিয়ে রীতিমতো কাঁপিয়ে দেয় মোহামেডানকে। তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার কালু জনসন মোহামেডানের হন্তারক হয়ে ম্যাচের নায়ক হয়ে উঠলেন দুই গোল করে। যার শুরুটা ৭৮ মিনিটে। বক্সের ওপর থেকে কালুর কোনাকুনি শটে ২-১ হতেই নড়েচড়ে বসল উপস্থিত সবাই।৪ মিনিট পরই তৌহিদুল আলমকে ড্যামি বক্সে ফেলে দিলে রেফারি আজাদ রহমান মোহামেডানের বিপক্ষে দিলেন পেনাল্টি। তাঁর সাহসী সিদ্ধান্ত মোহামেডান মানতে না চাইলেও মানতে বাধ্য হলো ওটা পেনাল্টি পাওয়ার মতোই ফাউল হওয়ায়। পেনাল্টি থেকে কালু ২-২ করে দিতেই মোহামেডানের মুখগুলো অন্ধকার।তা আর সরল না। শেষ কয়েক মিনিট পড়িমরি করে আক্রমণে যাওয়া মোহামেডান ৩-২ আর করতে পারল না। অতিরিক্ত ৫ মিনিট সময় দেখাতেই আলোর অভাবের কথা তুলে খেলতে অস্বীকৃতি মোহামেডানের। সরকারের নির্দেশ আছে ফ্লাডলাইটে খেলা না চালানোর, কিন্তু পরিস্থিতির দাবি মেনে ফ্লাডলাইট জ্বলল। সেই আলোতে ম্রিয়মাণ মোহামেডান। শিরোপাটাকে প্রায় মাঠে ফেলে এসে মোহামেডান খেলোয়াড়দের গন্তব্য ড্রেসিংরুম। ওখানে যাওয়ার পথে সমর্থকদের গালাগাল আর ইটবৃষ্টির মুখেও পড়তে হয়েছে। ভাগ্যিস তখনই বৃষ্টির আগমন, নইলে আরেকটা ‘অঘটন’ দেখতে পারত এ ম্যাচেই স্বপ্নটাকে প্রায় হারিয়ে ফেলা মোহামেডান।ওদিকে ফরাশগঞ্জ শিবিরে তখন উত্সব। সতীর্থদের মাঝে হারিয়ে গেলেন ফরাশগঞ্জের একাধারে কোচ ও খেলোয়াড় আবু আহমেদ ফয়সাল। এই ম্যাচে ২২ মিনিট খেলে ইতি টেনেছেন তিনি খেলোয়াড়ি জীবনের। ১৯৯৯ থেকে ২০০৫ পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে খেলা সাবেক এই ডিফেন্ডার কোচিং জীবনের শুরুতেই পেলেন বড় উপহার।মোহামেডানকে এখন কার্যত রানার্সআপ হওয়ারই চেষ্টা করে যেতে হবে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের সঙ্গে। রানার্সআপ কী আর সান্ত্বনা হতে পারে মোহামেডানের জন্য!সবার চেয়ে বড় বাজেটের দল গড়েও মোহামেডানের বড় সমস্যা তাদের দুর্বল ব্যবস্থাপনা। ২৩ এপ্রিলের পর থেকে আর পূর্ণাঙ্গ অনুশীলনই হয়নি! সমস্যার নাম—বেতন। বেতন নিয়ে দু দিন পর পরই বিদ্রোহ দেখা গেছে শিবিরে। বেতন সমস্যার সমাধান হলেও দল অনুশীলন না করারই চড়া মাসুল দিল। মোহামেডানের সাবেক কোচ শফিকুল ইসলাম (মানিক) কাল ম্যাচের পর বলছিলেন, ‘লিগটাই তো শেষ!’