আবাহনী ৩ (৫): ৩ (৪) মোহামেডানমোহামেডান হকি দলটাকে লাগল বিষণ্ন ঝরাপাতার মতো। ক্লাব কাপ হকির সেমিফাইনালেই বিদায় সাদা-কালোর জন্য যে বড় ধাক্কা! ফাইনালে ওঠার লড়াইয়ে হার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে ৩-৩ ড্র ম্যাচের পর টাইব্রেকারে মোহামেডান হেরেছে ৫-৪ গোলে।আবাহনী হারাতেই পারে মোহামেডানকে। কিন্তু এ মৌসুমে স্থানীয় সেরা দল গড়েও ক্ষান্তি দেয়নি মোহামেডান, অঢেল টাকা খরচ করে নিয়ে এসেছে ইউরোপিয়ান কোচ-খেলোয়াড়। তাই আবাহনীর জয়টা বড় না হয়ে সবার মুখেই ফিরছে মোহামেডানের হার! আজই ক্লাব কাপের ফাইনাল। কাল দ্বিতীয় সেমিফাইনালে সোনালী ব্যাংককে ৯-২ গোলে গুঁড়িয়ে দিয়ে যেটিতে আবাহনীর প্রতিদ্বন্দ্বী ঊষা।মোহামেডানের বিদায়ে হকির মৌসুমসূচক টুর্নামেন্টই দেখল ইন্দ্রপতন। যদিও এর আগে দল গড়ার পর ‘প্রথম’ টুর্নামেন্ট স্বাধীনতা কাপ জিতেছে মোহামেডান। তবে সেই দলে বিদেশি খেলোয়াড় ছিলেন না। ক্লাব কাপে বিদেশি নিয়ে তো বড় তিন দলে হুলুস্থুল চলছে। ঊষায় দুজন পাকিস্তানির সঙ্গে কাল যোগ হয়েছেন আরও তিনজন! সাবেক পাকিস্তানি তারকা তাহির জামান এসেছেন কোচ হয়ে। ‘ক্লাব কাপে বিদেশি আনব না’ বলেও আবাহনী তিনজন পাকিস্তানিকে নিয়ে নেমেছে কাল। মোহামেডানে জার্মান গোলরক্ষক লরেঞ্জ তো ছিলেনই, ভারতীয় তারকা গুরজিৎ সিং ও দুজন মালয়েশিয়ান খেলোয়াড়ও মাঠে নেমেছেন প্রথম।১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানি আলিম বিল্লাহ এগিয়ে নেন আবাহনীকে। পেনাল্টি কর্নার থেকেই মোহামেডানকে ৩২ মিনিটে ম্যাচে ফেরান চয়ন। ৬০ মিনিটে জিমির সঙ্গে দারুণ ওয়াল পাস খেলে শেখ নান্নুর স্টিকে মোহামেডান করে ফেলে ২-১। কিছুক্ষণ পরই পেনাল্টি স্ট্রোকে ২-২। গোলদাতা সেই আলিম বিল্লাহ। ৬৫ মিনিটে আবাহনীকে ৩-২ গোলে এগিয়ে নেন আরেক পাকিস্তানি মুদাসসর। ৬৮ মিনিটে ত্রাণকর্তা হয়ে পেনাল্টি কর্নারে সেই চয়ন ৩-৩ করেন।অদ্ভুত নিয়মে অতিরিক্ত সময় খেলা হয়নি! সরাসরি টাইব্রেকারে মোহামেডানের তৃতীয় শটটি আটকে দেন আবাহনী গোলরক্ষক জাহিদ। মোহামেডানের জার্মান গোলরক্ষক লরেঞ্জ পারলেন না একটি শটও আটকাতে।মোহামেডানের হারের জন্য কোচ পিটার গেরহার্ডকেই দুষছেন দলের অনেকে। অভিযোগ, দলীয় সমন্বয়ই নষ্ট করে দিয়েছেন তিনি। তবে নতুন বিদেশি খেলোয়াড় আনলে সমন্বয়ের অভাব হওয়াটা অস্বাভাবিক নয়। গুরজিৎ মোটামুটি খেললেও দুই মালয়েশিয়ান সুবিধা করতে পারেননি। এর মধ্যেই গোটা দু-এক ভালো সুযোগ নষ্ট করেছেন জিমি। ইয়ামিনের স্টিকের আঘাতে কিছুক্ষণের জন্য মাঠের বাইরেও যেতে হয় তাঁকে। ওদিকে আবাহনীর পাকিস্তানিরা ছিলেন যথেষ্ট কার্যকর।মওলানা ভাসানী স্টেডিয়ামে দর্শকসমাগম ছিল দু-তিন হাজার। যথারীতি উত্তাপ ছড়াল। সমর্থকেরা মাঠে পানির বোতল ছুড়েছে। খেলায়ও ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর চিরন্তন উত্তেজনা। মৃদু ধাক্কাধাক্কি, আম্পায়ারের দিকে তেড়ে যাওয়া—বাদ যায়নি কিছুই।আজ বেলা তিনটার ফাইনালও উত্তাপ ছড়ানোর আভাস দিয়ে রাখল।