মোহামেডানের স্মরণীয় বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরিফুলকে কাঁধে নিয়ে মোহামেডানের সমর্থকেরা ম্যাচের পর উৎসব করল। ‘শরিফুল, শরিফুল’ ধ্বনি দিয়ে তরুণ ফরোয়ার্ডকে কাঁধে তুলে নিল অনেকে। মোহামেডানের ৪-০ জয়ে শরিফুল করেছেন তৃতীয় গোলটি। ম্যাচে যিনি দুই গোল করেছেন, সেই নাইজেরিয়ান স্ট্রাইকার বাসডেন উইলকক্সকে কাঁধে তোলার ঝুঁকিতে কেউ গেল না অনুমিত কারণেই। শরিফুলের চেয়ে উইলকক্সের ওজনটা যে বেশিই!অনেক দিন পর মোহামেডানের কাছে একটা বিকেল আনন্দময় হয়ে উঠল। হোক জয়টা ১১ দলের লিগ টেবিলে সবার নিচে থাকা রহমতগঞ্জের বিপক্ষে। কিন্তু মোহামেডানও তো কালকের এই ম্যাচের আগ পর্যন্ত ছিল ঠিক রহমতগঞ্জের ওপরে। সাদা-কালোদের দশম স্থানে দেখে ফিসফিসানি আর নানা ব্যঙ্গবিদ্রূপ গত কয়েক দিনে কম হয়নি। মোহামেডান অবনমন বাঁচাতে পারে কি না, সেটিই বরং আলোচনার খোরাক হয়ে ছিল। তবে কালকের জয়েই চিত্রটা খানিক পাল্টে গেছে। ৮ ম্যাচে ৯ পয়েন্ট মোহামেডানের। পয়েন্ট তালিকায় এখন অবস্থান ষষ্ঠ। মুক্তিযোদ্ধা আর আবাহনীর পয়েন্ট ২০। বাকি দলগুলোর পয়েন্ট ছয় থেকে দশের মধ্যে। মোহামেডান কোচ এমেকা এটাই বারবার মনে করিয়ে দিলেন, ‘অবনমিত হই কি না, এটা নিয়ে নানা জল্পনা-কল্পনা করছে অনেকে। তবে ম্যাচ বাকি আরও ১২টি। অনেক কিছুই ঘটতে পারে সামনে।’সামনে এগোনোর আত্মবিশ্বাস মোহামেডান পেল রহমতগঞ্জকে উড়িয়ে দিয়ে। লিগে এটি তাদের দ্বিতীয় জয় এবং সবচেয়ে বড় তো বটেই। ড্র আছে তিনটি। মোহামেডান সর্বশেষ ৪ গোল দেখেছে গত লিগের প্রথম পর্বে আরামবাগের বিপক্ষে (৪-১)। এবার বিজেএমসিকে হারিয়ে লিগ শুরুর পর দ্বিতীয় জয়টা পেতে মোহামেডানকে খেলতে হয়েছে আরও ৭টি ম্যাচ। ফেনীতে গত ম্যাচটায় ফেনী সকারের কাছে হারের ক্ষতে কিছুটা প্রলেপও দিতে পারল এমেকার দল। এদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ ছিল একটু আলাদা। বৃষ্টিতে মাটি কিছুটা নরম থাকায় বল অন্যদিনের মতো খটখটে মাঠের মতো লাফায়নি। দুই দলই জয়ের জন্য শুরু থেকে খেলতে থাকে আক্রমণাত্মক মেজাজে। ফলে বারবার গোলমুখ খুলে যাচ্ছিল দুই দলেরই। মোহামেডানের আক্রমণের ধারটা ছিল বেশি। ৪১ মিনিটে জোসেফের ক্রসে তপুর সাজিয়ে দেওয়া বল আলতো শটে ১-০ করে দেন বাসডেন উইলকক্স। ৬১ মিনিটে আবার তপুর পাস থেকে ওয়াহেদের প্লেসিংয়ে ২-০। ৭১ মিনিটে তরুণ ওয়াহেদের দারুণ এক শটে জয়টা নিশ্চিত করে ফেলেন। অতিরিক্ত সময়ে উইলকক্স ব্যবধানটা বাড়িয়ে নিলেন আরও। রহমতগঞ্জ আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচেই। ‘বিদেশি খেলোয়াড়দের খেলায় মন নেই’ বলে এর আগে প্রতিদিনই অভিযোগ করেছেন কোচ মাহমুদুল হক। কাল নাকি বেতনের দাবিতে বেঁকে বসা বিদেশিদের নামতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এর মধ্যে ফ্রান্সিসকে দলেই নেননি মাহমুদুল!