মোহামেডানের হাতেই দাবার শিরোপা
প্রত্যাশামতোই অনির্বাণ-আর্টিসান প্রিমিয়ার দাবা লিগে চ্যাম্পিয়ন হলো মোহামেডান। কাল শেষ রাউন্ডে তারা ৩.৫-.৫ পয়েন্টে হারিয়েছে বশির মেমোরিয়ালকে। বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং জিয়াউর রহমান, ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তা, আন্তর্জাতিক মাস্টার সাহাজ গ্রোভার, বাংলাদেশের ফিদে মাস্টার আবদুল মালেক এবং সামস-উদ-দোহাকে নিয়ে গড়া মোহামেডান নয় ম্যাচে পেয়েছে ১৭ পয়েন্ট। এর আগে ১৯৭৭, ১৯৮১, ১৯৯৫ ও ১৯৯৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমান ১৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ডেসটিনি-২০০০, নারায়ণগঞ্জ প্রীতম-প্রিজম চেস ক্লাব ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ, তিতাস ক্লাব ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম, এয়ার ডেসটিনি লিমিটেড ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, চট্টগ্রাম চেস একাডেমি ৬ পয়েন্ট নিয়ে সপ্তম, নেবুলা চেস ক্লাব ৪ পয়েন্ট নিয়ে অষ্টম, লিওনাইন চেস ক্লাব ৩ পয়েন্ট নিয়ে নবম এবং বশির মেমোরিয়াল চেস ক্লাব ১ পয়েন্ট নিয়ে দশম হয়েছে। অবনমিত হয়ে গেল বশির মেমোরিয়াল ও লিওনাইন ক্লাব। আগামী বছর ক্লাব দুটি খেলবে প্রথম বিভাগে।লিগে ভালো খেলায় বোর্ড পুরস্কার পেয়েছেন মোহামেডানের নিয়াজ মোরশেদ ও অভিজিৎ গুপ্তা, তিতাস ক্লাবের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্ত, বিমানের আন্তর্জাতিক মাস্টার আবুু সুফিয়ান, ডেসটিনি লিমিটেডের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি এবং এয়ার ডেসটিনির খোরশেদ আলম। কাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়াসচিব মাহবুব আহমেদ।