মোহামেডানের ‘আবাহনী-বধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারির দিকে তাকিয়ে সেই কেতাবি মেজাজটা পাওয়া যাচ্ছিল না। বিষণ্নতার ভাঙা টুকরো হয়ে খাঁ খাঁ করছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রায় ৯০ শতাংশ চেয়ারই। তবে গত কয়েক বছরের দুই প্রধানের ম্যাচ যেমন ধূসর পাণ্ডুলিপি হয়ে ছিল, এই ম্যাচটি একটু ব্যতিক্রম।ফুটবলের অন্ধকারে এখনো আলোর রেখা ভাবা হয় আবাহনী-মোহামেডান দ্বৈরথকে। আশির দশকের সেই মোহনীয় মায়াজাল তৈরি না হোক, কাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ যথেষ্টই উত্তাপ ছড়াল অনেক দিন পর।ম্যাচ শেষে মাঠের এক অংশে উৎসব আনন্দ! শিরোপা-দৌড়ে অনেক এগিয়ে থাকা আবাহনীকে দুই গোলে হারিয়ে দিয়েছে ধুঁকতে থাকা মোহামেডান। এতেই যেন সাদা-কালোরা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো লিগে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে!সমর্থক-কর্মকর্তাদের শরীরের ভাষা তা-ই বলছিল। সমর্থকদের কাঁধে দুই তরুণ গোলদাতা সোহেল রানা ও ওয়াহেদ। অনূর্ধ্ব-১৯ দলের দুই তুর্কি বড় মঞ্চে নিজেদের মেলে ধরেছেন। শ্যাম্পেন উৎসবের মতো পানি ছিটিয়ে মোহামেডান-জনতা তাঁদের নিয়ে আনন্দ করে গেল। বহুদিন পর যেন তপ্ত রোদে বৃষ্টি নেমেছে!নয় তো কী! গত চারটি পেশাদার লিগ ঘরে তুলতে পারেনি মোহামেডান। এবারও সেই সম্ভাবনা নেই। ১২ ম্যাচে মোহামেডানের পয়েন্ট মাত্র ১৭, এখন আছে পঞ্চম স্থানে। সেটি আর কে মনে রাখে!আবাহনী ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এখনো সবার ওপরেই। আবাহনী-মোহামেডানের ইতিহাসে ১৩ পয়েন্ট ব্যবধান একটা রেকর্ডই। দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধার সঙ্গে আবাহনীর ব্যবধান এখন তিনে নেমে এসেছে।লিগ তাতে জমে উঠল। কাল মাঠে আসা পাঁচ-ছয় হাজার দর্শকের চোখ আটকে রইল পুরো ৯০ মিনিটেই। মোহামেডান খেলল তাদের সেরা ফুটবল। লিগে ১৮ ম্যাচ পর তারা হারের স্বাদ দিয়েছে আকাশি-নীলদের।মোহামেডান কোচ এমেকার আক্রমণাত্মক ফুটবলেরই জয় হলো। তাঁর ট্যাকটিক্যাল কৌশলে অনেকটা বোতলবন্দী থাকলেন আবাহনীর আক্রমণের প্রাণ ইব্রাহিম, সুবিধা করতে পারেননি ফ্রাঙ্কও। চোটের কারণে মাঠের বাইরে লিগের সর্বোচ্চ গোলদাতা পল। আবাহনীকে সেভাবে চেনা যায়নি। ম্যাচের পর এমেকার দাবি, ‘মোহামেডানই এখন সেরা দল। আজ মাঠে আমরা তা প্রমাণ করলাম।’প্রথম পর্বে মোহামেডানের বিদেশিরা তেমন ভালো ছিলেন না। দ্বিতীয় পর্বের বিদেশিরা তুলনামূলক ভালো। তাই গোটা দলটাই বদলে গিয়েছে। ফরোয়ার্ড অগাস্টিন কালই প্রথম ম্যাচ খেললেন। মেসির মতো ছোটখাটো এই নাইজেরিয়ানকে মোহামেডানে তাঁর সতীর্থরা ‘মেসি’ ‘মেসি’ বলে ডাকেন। পায়ে দারুণ কাজ, শটিংও বেশ ভালো। সব দিক দিয়েই পরিপূর্ণ এক ফুটবলারই মনে হচ্ছে। মোহামেডানের এই জয়ে তাঁর অবদান অনেক। তর্কাতীতভাবেই ম্যাচ-সেরাও তিনি।আবাহনীকে প্রতিটি বিভাগেই প্রথমার্ধে টেক্কা দিয়ে দুই গোল আদায় করে নিয়েছে মোহামেডান। গোছানো আক্রমণে আবাহনীকে চাপে রেখেই ২৬ মিনিটে সোহেল গোল করেন। অগাস্টিনের বাড়ানো বল শরিফুল বক্সে ঢুকে বাড়িয়ে দেন গোলমুখে। আবাহনী ডিফেন্ডার সামাদ ক্লিয়ার করতে গেলেও বল পড়ে অরক্ষিত সোহেলের পায়ে। চোখের পলকে সোহেল বল ঠেলেন জালে। তবে ৮৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তাঁর এ আনন্দ ম্লান হয়ে গেছে।বিরতির তিন মিনিট আগে ওয়াহেদ করলেন ২-০। এবারও শরিফুলই তাঁকে বলটা বাড়িয়েছেন অগাস্টিনের কাছ থেকে পাওয়া পাসে। দারুণ শটে ওয়াহেদ করলেন লক্ষ্যভেদ।দ্বিতীয়ার্ধের গল্পটা আবাহনীর আক্রমণে যাওয়া, সুযোগ তৈরি এবং মোহামেডান গোলরক্ষক টিটুর দেয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়া। ৭৯ মিনিটে হতে পারত ২-১, কিন্তু প্লে-মেকার ইব্রাহিমের ক্রসে ফ্রাঙ্কের হেড ঠেকিয়ে দেন টিটু।এই পরাজয় প্রাপ্যই ছিল বলে স্বীকার করে নিলেন আবাহনী কোচ আলী আকবর, ‘আমরা বাজে ফুটবল খেলেছি। মোহামেডান উজ্জীবিত ছিল, জয়টা তাদের প্রাপ্য।’সত্যিই তাই। এই জয় মোহামেডানের প্রাপ্যই ছিল।মোহামেডান: টিটু, রজনী, হাসান আল মামুন, মতিউর মুন্না, সোহেল রানা, শরিফুল (ইয়াসিন), ওয়াহেদ (রনি), চিজোজি, ওকালোন, অগাস্টিন, নওবি।আবাহনী: সোহেল, সামাদ, নাসির, ওয়ালি, সুজন, জাহিদ (রনি), প্রাণতোষ (জিতু), তৌহিদুল (আরমান), ইব্রাহিম, ইয়োকু, ফ্রাঙ্ক।