মোহামেডানের ‘মিলনমেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান যেন নবযুগে পা রাখছে। কয়েক বছর ধরে সাংগঠনিকভাবে ধুঁকতে থাকা ঐতিহ্যবাহী এই ক্লাব শিরদাঁড়া সোজা করার চেষ্টা করছে মাঠের বাইরে। ক্লাবকে লিমিটেড কোম্পানিতে পরিণত করার উদ্যোগ সফলতার মুখ দেখেছে গত ২৪ মার্চ। বছর পাঁচেক ধরে চলা উদ্যোগ আর পরিকল্পনার একটা অংশ শেষ। সেই আনন্দ ভাগাভাগি করতেই আজ ‘মোহামেডান-পরিবারের মিলনমেলা’।বিশাল আয়োজন। স্থান—বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। আমন্ত্রিত অতিথি ১২০০। বাংলাদেশের গোটা ক্রীড়া পরিবারই আজ এক ছাদের নিচে আসছে।সন্ধ্যা ৭টায় শুরু অনুষ্ঠান আলোকিত করতে কাল বিকেলে সস্ত্রীক ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। আজ আসছেন পাকিস্তানের সাবেক তিন হকি তারকা শাহবাজ আহমেদ, কামরান আশরাফ ও মমতাজ হায়দার। সাদাকালো জার্সিতে ঢাকার ফুটবল মাতিয়ে যাওয়া এমেকাও আজ আসছেন।আর্থিক ও সাংগঠনিক সংকটে মাঝখানে মোহামেডানে বাতি জ্বালানোর লোকই পাওয়া যেত না। অবশেষে ক্লাবকে লিমিটেড করতে মোসাদ্দেক আলীর যুগে নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করা গেল কুতুবউদ্দিন আহমেদের নেতৃত্বে। এটা মাঠের বাইরে মোহামেডানের বড় একটা অগ্রগতি।তবে ফুটবল মাঠে এবার সাদাকালোরা তাদের ঐতিহ্যের সঙ্গে একেবারেই বেমানান। ক্লাব ইতিহাসে সবচেয়ে দুর্বল ফুটবল দল হয়েছে এবারই। সেই মোহামেডান আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী মৌসুমে শক্তিশালী ফুটবল দল গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে।ক্লাবের ৭৫ বছরের ইতিহাস তাই একটা মোড়ে দাঁড়িয়ে। ঠিক এই সময়ে মোহামেডান পরিবারের সঙ্গে যোগ দিতে পেরে বেশ খুশি রানাতুঙ্গা, ‘ঢাকায় মোহামেডানে খেলে যাওয়া আমার কাছে স্মরণীয় স্মৃতি। শ্রীলঙ্কার বাইরে শুধু বাংলাদেশেই আমি ক্লাব ক্রিকেট খেলেছি। মোহামেডানের এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে।’খুব খুশি জাকারিয়া পিন্টুও। সাদাকালো ফুটবল দলের আটবারের অধিনায়ক কাল সন্ধ্যায় বলছিলেন, ‘মোহামেডানকে লিমিটেড কোম্পানি করার স্বপ্ন ছিল আমাদের। শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়েছে। রানাতুঙ্গার মতো খেলোয়াড় এসেছে এই অনুষ্ঠানে। এটা মোহামেডানের জন্য বিশাল পাওয়া। এই অনুষ্ঠানের মাধ্যমে মোহামেডান নতুন পথে যাত্রা করবে।’ কী হবে নতুন সেই দিনের রূপরেখা? আগামী মাসের শেষ দিকে ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ আসার পরই মিলবে উত্তর। নির্বাচিত পর্ষদ ঠিক করবে ক্লাবের ভবিষ্যৎ কর্মপদ্ধতি। তবে এখন পর্যন্ত যা খবর, তাতে মতিঝিল ক্লাব চত্বরে বহুতল ভবন হওয়ার কথা। এতে ক্লাবের স্থায়ী আয় হবে। ফুটবল, ক্রিকেট, হকি দল চালাতে আর আর্থিক সংকট প্রকট হবে না।মোহামেডানের বড় সম্পদ মতিঝিল ও সাভারে পাওয়া সরকারি জমি। সাভারে ক্লাব টেন্ট স্থানান্তর করে সেখানে খেলার মাঠসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ার কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরে। ক্লাব কর্মকর্তা লোকমান হোসেন ভুঁইয়ার আশা, লিমিটেড কোম্পানি হওয়ায় এই পরিকল্পনাগুচ্ছ আলোর মুখ দেখবে, ‘মোহামেডান এখন অনেক বদলে যাবে।’ হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স তাঁর প্রিয় ক্লাবের এই রূপান্তর নিয়ে বেশ আগ্রহী। কাল বিকেলে ক্লাব ভবনে দাঁড়িয়ে বললেন, ‘লন্ডনে গিয়েছিলাম বেড়াতে। কিন্তু বেড়ানো অসমাপ্ত রেখেই চলে এলাম এই অনুষ্ঠানটার জন্য।’ঠিক এই সময়ে ক্লাব চত্বরের এক চিলতে জায়গায় অনুশীলন করছিল মোহামেডান ফুটবল দল। এমনিতেই ছোট্ট জায়গা, তার ওপর বৃষ্টি। সামান্য শুকনো জায়গায় দল নিয়ে অনুশীলনের নামে কিছুটা সময় কাটালেন কোচ শফিকুল ইসলাম। একটা অনুশীলন মাঠ না পাওয়ায় মোহামেডান ফুটবল দলকে এখনো দুর্ভোগ পোহাতে হয়। উৎসবের এই আলোর পাশে খেলোয়াড়দের দুর্ভোগ বড় বেশি চোখে লাগে।