মোহাম্মদ আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলমগীর
মোহাম্মদ আলমগীর

আশপাশে এই প্রজন্মের দর্শকদের ভিড়। শেখ আবু নাসের স্টেডিয়ামের আন্তর্জাতিক গ্যালারিতে তাই সহজেই নজর কাড়ছিলেন সাদা পাঞ্জাবি আর সাদা টুপি পরা শ্মশ্রুমণ্ডিত ভদ্রলোক। সত্তরোর্ধ্ব মোহাম্মদ আলমগীর টেস্টের প্রথম দিন খেলা দেখতে এসেছিলেন দুই নাতিকে নিয়ে, কাল একাই। ফায়ার সার্ভিসে চাকরি করতেন। উপপরিচালক হয়ে অবসর নিয়েছেন ১৯৯৫ সালে। তাই বলে এমন নয় যে, খেলা দেখাটা তাঁর অবসরজীবনের সঙ্গী হয়ে এসেছে। নেশাটা অনেক পুরোনো। স্মৃতি হাতড়ে বলছিলেন, ‘মনে আছে, ১৯৫৬ সালে খুলনা থেকে রকেটস্টিমারে করে ঢাকা গিয়েছিলাম এমসিসির সঙ্গে পাকিস্তান দলের খেলা দেখতে। বন্ধুবান্ধব মিলে অনেক মজা করেছিলাম।’ একসময় ফুটবল খেলতেন। পরে সম্পৃক্ত হন ফুটবল ও কাবাডি ফেডারেশনের সঙ্গে। তবে ক্রিকেটের প্রতি একটা আলাদা টান ছিলই। ১৯৮৭ বিশ্বকাপেরও তাই সাক্ষী হয়েছেন কলকাতার ইডেন গার্ডেনে গিয়ে। এখন তো খুলনাতেই খেলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট দেখতে নিশ্চয়ই কষ্ট করে দূরে যেতে হয় না? ভুলটা ভাঙালেন মোহাম্মদ আলমগীরই, ‘না, না...ঢাকায় গিয়েও আমি বাংলাদেশের খেলা দেখি। দেশের ছেলেরা যখন ভালো খেলে, গর্বে বুকটা ভরে ওঠে। ওই টানেই মাঠে আসি।’