মোহালি টেস্টে অনিশ্চিত হরভজন সিং
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবসময়ই আলাদা করে চোখে পড়ে হরভজন সিংকে। বল হাতে যেমন বিধ্বংসী হয়ে ওঠেন তেমনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েও ছড়ান বাড়তি উত্তাপ। অস্ট্রেলিয়ার ভারত সফরে আবারও হরভজনের সেই বিধ্বংসী চেহারা দেখার জন্য উন্মুখ হয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ইনজুরির কবলে পড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অংশ নিতে পারবেন কি না তা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।অনুশীলনের সময় পায়ে আঘাত পাওয়ার পর গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসকের দারস্থ হন হরভজন সিং। সেখানে এক্স-রে করার পর চিকিৎসকেরা তাঁকে কয়েক দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।আর দুই দিন পরই শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম টেস্ট। সে ক্ষেত্রে হরভজন অংশ নিতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। কিন্তু শেষ পর্যন্ত চোট নিয়ে মাঠে নামলেও হরভজন তাঁর স্বরূপে ফিরতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।