মোহালি টেস্টে শেষ হাসি ভারতের
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম টেস্টে বহু নাটকীয়তার পর শেষ হাসি হেসেছে ভারত। ভিভিএস লক্ষ্মণের অপরাজিত ৭৩ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়াকে এক উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।জয়ের জন্য ১৬১ রানের টার্গেট নিয়ে পঞ্চম দিনে মাঠে নেমেছিল ভারত। হাতে ছিল আরও ছয় উইকেট। ভারতের জয়টা মনে হচ্ছিল শুধু সময়ের ব্যাপার মাত্র। কিন্তু দুই অস্ট্রেলিয়ান পেসার বলিঙ্গার আর হিলফেনহউসের অসাধারণ বোলিংয়ে এই সহজ লক্ষ্যটাও দুরূহ হয়ে ওঠে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য। ৩৮ রান করে হিলফেনহউসের শিকার হয়ে টেন্ডুলকার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। স্কোর বোর্ডে মাত্র ৬৯ রান যোগ করতেই একে একে বিদায় নেন জহির খান, ধোনি ও হরভজন। জয়ের জন্য দরকার আরও ৯২ রান।অস্ট্রেলিয়া একটি অসাধারণ জয় পেতে যাচ্ছে—এমনটাই মনে হচ্ছিল তখন। কিন্তু সে সময় ক্রিজে খুঁটি গেঁড়ে বসেন ভিভিএস লক্ষ্মণ। নবম উইকেট জুটিতে ইশান্ত শর্মাকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৮১ রানের পার্টনারশিপ। শেষ মুহূর্তে ইশান্ত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আরও একবার পরিস্থিতি নাটকীয় করে তোলেন হিলফেনহউস। জয়ের জন্য তখনো ১১ রান দরকার ভারতের। কিন্তু শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন লক্ষ্মণ আর প্রশান্ত ওঝা।