মোহালিতেও কি শান্ত যুবরাজ!
এক ওভারে ছয়টি ছক্কা মেরে ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেই ইতিহাস গড়ে ফেলেছেন যুবরাজ সিং। কিন্তু সেই মারদাঙ্গা ব্যাটসম্যানই আজ অনেক সতর্ক। আকাশছোঁয়া শটে তাঁর যেন আগ্রহ কমে গেছে। ‘যুবি’র বাবা যোগরাজও বললেন সেই কথা, ডাকাবুকো এই ব্যাটসম্যান এখন অনেকটাই ধীরস্থির। হাওয়ায় ভাসানো শট খুব বেশি খেলতে দেখা যাবে না তাঁকে।২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের করা একটি ওভারের সব কটি বলেই ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। তবে মোহালিতে পাকিস্তানের বিপক্ষে প্রিয় ক্রিকেটারের ব্যাটে ছক্কার ফুলঝুরি নাও দেখতে পারে তাঁর ভক্তরা। তাঁর ব্যাটের সাম্প্রতিক প্রবণতাও তা-ই বলে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র তিনটি ছক্কা এসেছে যুবরাজের ব্যাট থেকে।‘ও (যুবরাজ) খুবই ভালো একজন কার্যকর ক্রিকেটার হিসেবে পরিণত হয়ে উঠেছে। তাঁর মধ্যে আমি বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি’—বললেন যোগরাজ। বিশ্বকাপে ৫ উইকেট ও ফিফটি করার প্রথম কীর্তিটি এখন তাঁরই ছেলের দখলে।সাবেক এই টেস্ট খেলোয়াড় বলছেন, ‘আপনি অবশ্যই খেয়াল করেছেন যে ও (যুবরাজ) এখন আর বড় বড় ছক্কার জন্য খেলে না। সে এখন খেলা শেষ করে আসছে। এবং এটাই খুব গুরুত্বপূর্ণ।’কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যুবরাজ আটটি চার মারলেও কোনো ছক্কা ছিল না ৫৭ রানের ইনিংসটিতে। অপরাজিত থেকে হয়েছেন ম্যাচসেরা। এই নিয়ে এ বিশ্বকাপে চারবার ম্যাচসেরা হলেন যুবরাজ। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে তো ব্যাট হাতে তাঁকে মাঠেই নামতে হয়নি।ইংল্যান্ডের সঙ্গে টাই ম্যাচেও ফিফটি (৫৮) করেছিলেন চণ্ডীগড়ের এই ব্যাটসম্যান। এই ইনিংসেও কোনো ছক্কা ছিল না। এমনকি আয়ারল্যান্ডের বিপক্ষেও না। আইরিশদের বিপক্ষে ৭৫ বলে ৫০ রানের ধৈর্যশীল একটা ইনিংস উপহার দিয়েছিলেন ‘যুবি’।বিশ্বকাপে যুবরাজের প্রথম ছক্কাটি ছিল নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাঁর ১২ রানের ইনিংসটি যেমন ছোট ছিল, তেমনি ভারতও হেরে যায় ওই ম্যাচে। তবে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই দুর্দান্ত সেঞ্চুরি করে আবারও রানে ফেরেন কিংস ইলেভেন পাঞ্জাবের ‘কিং’। ১১৩ রানের ইনিংসটিতে দুটি ছক্কা হাঁকান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।শুধু ব্যাটেই নয়, বোলিংয়েও এবারের বিশ্বকাপে ভারতীয় ট্রাম্পকার্ড যুবরাজ। ১১ উইকেট নিয়ে কেবল জহির খানের (১৭) চেয়েই পিছিয়ে এই অলরাউন্ডার। ওয়েবসাইট।