মোহালিতেও বিধ্বস্ত অস্ট্রেলিয়া
এই অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়া নয়। এই অস্ট্রেলিয়া পন্টিং-ম্যাকগ্রা-ওয়ার্ন-লির অস্ট্রেলিয়া নয়। এই অস্ট্রেলিয়া হেরে যাওয়া ম্যাচে ঘুরে দাঁড়াতে জানে না। এই অস্ট্রেলিয়া প্রতিপক্ষের নাগাল থেকে ম্যাচ বের করেও আনতে জানে না। পরাজয় এই অস্ট্রেলিয়ার নিত্যসঙ্গী। অন্তত চলমান ভারত সফরে তো তা-ই। নিজেদের বাজে পারফরম্যান্সের ‘ধারাবাহিকতা’ বজায় রেখে মোহালিতেও পরাজয়কে সঙ্গী করল তারা। চেন্নাই, হায়দরাবাদের পর মোহালি—টানা তিন টেস্ট হারা এমন অস্ট্রেলিয়াকে আগে কেউ দেখেনি কখনো। মোহালিতে খেলতে নামার আগেই উত্তাল হয়ে ছিল অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম। শৃঙ্খলাজনিত কারণে সহ-অধিনায়ক শেন ওয়াটসনসহ চার ক্রিকেটারের বহিষ্কার হওয়ার জের পুরোপুরিই পড়ল মাঠের খেলায়। অস্ট্রেলিয়াকে নিচু স্তরে নামিয়ে খুব সহজেই সিরিজটা ৩-০ করে ফেলল মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দল। সিরিজের শেষ টেস্টটি শুরু হচ্ছে ২২ মার্চ। এই মুহূর্তে এককালের সর্বজয়ী অস্ট্রেলিয়ার পারফরম্যান্সের যা অবস্থা, তাতে ভারত এই সিরিজে অসিদের ধবলধোলাই করার স্বপ্নটা বেশ ভালোভাবেই দেখতে পারে।মোহালিতে ভারতের জয়টা ৬ উইকেটের। জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৩ রানের হিসাবটা ভারত মিটিয়ে নেয় চার উইকেট হারিয়েই। বিরাট কোহলির ৩৪, মুরালি বিজয়ের ২৮ আর চেতেশ্বর পূজারার ২৬ রানের সঙ্গে শচীন টেন্ডুলকারের ২১। তাতেই শেষ অস্ট্রেলিয়া। মামুলি লক্ষ্যটা তাড়া করতে ভারতীয়দের আহামরি কোনো ব্যাটিংও করতে হয়নি। শেষের দিকে ধোনি ১৮ ও রবীন্দ্র জাদেজা ৮ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। মোহালি টেস্ট অসিদের সীমাহীন ব্যাটিং ব্যর্থতার আখ্যান। ৯১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর গতকাল চতুর্থ দিনে ভুবনেশ্বর কুমারের বোলিং তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ৩ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করে সফরকারীরা। আজ পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে রীতিমতো নাজেহাল করেন তিন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা ও রবীন্দ্র জাদেজা। তাঁদের ঘূর্ণিজাদুতে বড় কোনো জুটিই গড়তে পারেননি অসি ব্যাটসম্যানরা। ৬৯ রানের ইনিংস খেলে একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ফিলিপ হিউজ।প্রথম ইনিংসে ৪০৮ রান করে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে শিখর ধাওয়ান ও মুরালি বিজয়ের দুটি দুর্দান্ত ইনিংসে ভারতের ইনিংস শেষ হয় ৪৯৯ রানে।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪০৮/১০স্টার্ক ৯৯, স্মিথ ৯২, কোয়ান ৮৬, ওয়ার্নার ৭১ইশান্ত ৩/৭২, জাদেজা ৩/৭৭ভারত প্রথম ইনিংস: ৪৯৯/১০ধাওয়ান ১৮৭, বিজয় ১৫৩, কোহলি ৬৭*সিডল ৫/৭১, স্টার্ক ২/৭৪অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২২৩/১০হিউজ ৬৯, স্টার্ক ৩৫, হাডিন ৩০ভুবনেশ্বর ৩/৩১, জাদেজা ৩/৩৫ভারত দ্বিতীয় ইনিংস: ১৩৬/৪কোহলি ৩৪, পূজারা ২৮, বিজয় ২৬, শচীন ২১সিডল ১/৩৪, লায়ন ১/২৭, ডোহার্টি ১/২৪ফল: ভারত ৬ উইকেটে জয়ী।সিরিজ: ভারত ৩-০-তে এগিয়ে।সূত্র: ক্রিকইনফো।