মৌসুম শেষ রুনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মৌসুমটা হয়তো ভুলেই যেতে চাইবেন রুনি ছবি: ইন্টারনেট
এই মৌসুমটা হয়তো ভুলেই যেতে চাইবেন রুনি ছবি: ইন্টারনেট

এমন বাজে মৌসুম খুব কমই কাটিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ; সব আসরেই শুধু হতাশা আর হতাশা। রেড ডেভিলরা মৌসুমটা শেষও করছে দুঃসংবাদ দিয়ে। ইনজুরির কারণে মৌসুমের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন না দলের প্রধান তারকা ওয়েইন রুনি।
এবারের মৌসুমে আর মাত্র পাঁচটি ম্যাচই বাকি আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান সপ্তম স্থানে। শিরোপা জয়ের যে কোনো সম্ভাবনা নেই সেটা বলাই বাহুল্য। শেষ চারের মধ্যে থেকে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে নিতে পারবে না ম্যানইউ। বাকি পাঁচটা ম্যাচ তাদের আসলে খেলতে হবে শুধু নিয়ম রক্ষার জন্যই। কাজেই রুনির ইনজুরিটা ইউনাইটেডকে নতুন করে কোনো বিপদে হয়তো ফেলবে না।
তবে রুনির এই পায়ের আঙুলের ইনজুরি চিন্তার কারণ হতে পারে ইংল্যান্ডের কোচ রয় হজসনের জন্য। ব্রাজিল বিশ্বকাপে রুনিই যে হবেন তাঁর অন্যতম প্রধান সেনানী। রুনির এই ইনজুরি হজসনের বিশ্বকাপ মিশনে কোনো প্রভাব ফেলবে কিনা, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের চিকিত্সকেরা। এএফপি।