মৌসুমই শেষ মেসির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার পেলেন চোট।  খানিক পর মাঠ ছাড়তে হলো মেসিকে ষ এএফপি
আবার পেলেন চোট। খানিক পর মাঠ ছাড়তে হলো মেসিকে ষ এএফপি

মৌসুমের শেষ দিকটায় চোট যেন ভালোই পেয়ে বসেছে লিওনেল মেসিকে। গত মাসেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। তার ধকল ভালোভাবে কাটিয়ে ওঠার আগেই পরশু আবারও সেই হ্যামস্ট্রিংয়েই চোট পেয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। ফলাফল, গোল আর জয়োৎসবের মাধ্যমে মাঠ ছাড়াটাকে যিনি অভ্যাস বানিয়ে ফেলেছেন, মাস দেড়েকের ব্যবধানে সেই মেসিকে আরও একবার মাঠ থেকে বেরিয়ে আসতে হলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। নতুন করে পাওয়া এই চোট হয়তো মৌসুমের বাকি সময়টার জন্যই তাঁকে ছিটকে ফেলল মাঠের বাইরে।

কোচ টিটো ভিলানোভার কথায় রয়েছে সেই ইঙ্গিত। গতকালই মেসির হ্যামস্ট্রিংয়ের পরীক্ষা করা হবে জানিয়ে বার্সা কোচ বলেছেন, ‘মেসি ব্যথা নিয়ে মাঠ ছেড়েছে। গত মাসে যেখানে আঘাত পেয়েছিল, এবারও আঘাতটা সেখানেই। সে কিছুটা অস্বস্তি বোধ করে এবং মাঠ ছেড়ে আসে। সোমবার পরীক্ষা হবে। তারপর জানা যাবে কত দিন বা কয় সপ্তাহ তাকে বাইরে থাকতে হবে। তবে ম্যাচের আগে সে ভালো বোধ করছিল।’

মেসি প্রথম চোট পান গত ২ এপ্রিল। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে গিয়ে। প্রথমার্ধের শেষ মুহূর্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। এর মূল্য তাঁকে দিতে হয়েছে অনেক। সেই থেকে পরশুর আগ পর্যন্ত লিগে পাঁচ ম্যাচে প্রথম একাদশে ছিলেন না মেসি। এর মধ্যে তিন ম্যাচে মাঠেই নামেননি। মাঠে নামেননি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগেও। এর আগে পিএসজির বিপক্ষে শেষ আটের দ্বিতীয় লেগে বদলি হিসেবে নেমে দলকে সমতা ফেরানো গোল পেতে সাহায্য করেছিলেন।

আবারও সেই হ্যামস্ট্রিংয়েই চোট বলে শঙ্কাটা বেশি। তবে পরশুর ম্যাচে মেসির চোট পেয়ে বাইরে যাওয়াটা বার্সাকে অন্য রকম একটা স্বস্তিও দিয়েছে! মাঠে সংগ্রাম করতে থাকা বার্সাকে অনেকবারই মেসি উদ্ধার করেছেন বদলি হিসেবে নেমে। এখানে ঘটল উল্টোটা। মেসি ৬৮ মিনিটে যখন চোটে কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন, বার্সা তখন ১-০ গোলে পিছিয়ে।

তার আগেই তিনজনের বদলি কোটা পূর্ণ করে ফেলায় বিকল্প হিসেবে কাউকে নামানোর সুযোগ ছিল না। অথচ মেসিবিহীন ১০ জনের বার্সাই মাঠ ছেড়েছে ২-১ গোল জিতে। বার্সা জিতলেও লিগে মেসির টানা গোল করার রেকর্ডটা থেমে গেল ২১ ম্যাচেই। তবে তার চেয়েও বড় অস্বস্তি তো নতুন করে পাওয়া চোটটাই।

লিগে বার্সেলোনার আরও তিনটা ম্যাচ বাকি। শঙ্কামতো এই তিন ম্যাচে যদি খেলতে না-ই পারেন, মাঠে নামার জন্য মেসিকে থাকতে হবে নতুন মৌসুম শুরুর অপেক্ষায়। ওয়েবসাইট।