মৌসুমের শুরুতেই বায়ার্ন-ডর্টমুন্ড
ওয়েম্বলির ফাইনালে ডর্টমুন্ডের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় শিরোপার আশাটাকে ‘খুন’ করেছিল বায়ার্ন। কিন্তু গোলরক্ষক রোমান ভাইডেনফেলার বলছেন, ম্যাচটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালকে মনে করিয়ে দেবে না। ডিফেন্ডার ম্যাট হামেলসের দাবি, তাঁরা মোটেই প্রতিশোধ-টোধ নিয়ে ভাবছেন না। কিন্তু তার পরও বদলা নেওয়ার ইচ্ছা বরুসিয়া ডর্টমুন্ডের থাকবে না? আজ মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে যে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। তা-ও নিজেদের মাঠে জার্মান সুপার কাপের ফাইনালে।ওয়েম্বলির ফাইনালকে মনে করলে ডর্টমুন্ড সমর্থকদের রক্তক্ষরণ হয়। দুর্দান্ত বায়ার্নই থামিয়ে দিয়েছিল তাদের স্বপ্নযাত্রা। শুধু কি চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা বা জার্মান কাপেও এই বায়ার্নই হেসেছে শেষ হাসি। বায়ার্ন সবদিকেই টেক্কা দিয়েছে ঘরোয়া প্রতিদ্বন্দ্বীদের। দলবদলেও বায়ার্নের কাছে পিছু হটেছে ডর্টমুন্ড। গত মৌসুমের অন্যতম ভরসা মারিও গোটশেকে নিয়ে গেছে এই বায়ার্ন। গোটশে অবশ্য পুরোনো ক্লাবের বিপক্ষে আজ নামছেন না। প্রাক-মৌসুম প্রস্তুতিতে যথারীতি দুর্বার বায়ার্ন। দিন তিনেক আগে বার্সেলোনাকে হারিয়েছে ২-০ গোলে, ৭ ম্যাচে করেছে ৩৭ গোল। এএফপি।