দেড়জনের কাছে হেরে গেল ইংল্যান্ড! ব্রেন্ডন ম্যাককালামকে ধরা যায় পুরোপুরি, মার্টিন গাপটিলকে আধাআধি। কাল প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড সফরকারী ইংল্যান্ডকে ৩ উইকেটে হারাল এই দুজনের নৈপুণ্যেই। ইংল্যান্ডের বিপক্ষে টানা পঞ্চম ওয়ানডে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ম্যাককালাম। অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এক পায়ের ব্যাটসম্যান হয়ে যাওয়া মার্টিন গাপটিলের সাহায্য না পেলে ম্যাককালামের ৬৯ রানের ইনিংসেও হার বাঁচানো যেত না। লক্ষ্য ২৫৯ রান। ২১৮ রানেই সপ্তম উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের। পরের ২৫ বলে করতে হবে ৪১ রান। ম্যাচটা নিউজিল্যান্ডের হাত ফসকে গেছে বলেই ভাবছিল সবাই। হাতে ৩ উইকেট, ক্রিজে আছেন ম্যাককালাম। কিন্তু তাতেও লক্ষ্যটা কীভাবে অনতিক্রম্য হলো? তখন পর্যন্ত সবাই জানত ব্যাট করতে পারছেন না চোটে পড়া দুজন মার্টিন গাপটিল ও মিচেল ম্যাকলেনাগন। এই হিসাবে হাতে তো থাকে মাত্র ১ উইকেট। ঠিক তখনই দেখা গেল, হ্যামিল্টনের ড্রেসিংরুম থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছেন গাপটিল। ইনিংসের শুরুতে মাত্র ৩ রান করার পরই যখন হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন, কেউই ভাবতে পারেননি গাপটিল আবার ব্যাট করতে পারবেন। দৌড়ে রান নেওয়া কঠিন, দৌড়াতে যাতে না হয় তাই করলেন এই ওপেনার। পরের ওভারে প্রথম স্ট্রাইক পেলেন। প্রথম বলে চার, দ্বিতীয় বলে ছয়। পরের ৮ বলে আরও ১৭ রান নিয়ে যখন দলকে জেতালেন, তখনো ম্যাচের বাকি ৭ বল। তবে নিজেকে ছয়ে নামিয়ে আনা ম্যাককালামের ৬১ বলের অপরাজিত ৬৯ রানের ইনিংসটাই কিউই ইনিংসের প্রাণভোমরা। নিউজিল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ রান করেছেন কেন উইলিয়ামসন (৯৯ বলে ৭৪)। এর আগে টস হেরে ব্যাট করে ইংল্যান্ড অলআউট ২৫৮ রানে। ইয়ান বেল, জোনাথন ট্রট ও জো রুটরা ফিফটি করলেও মিডল ও লোয়ার-অর্ডারের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাঁধে রানের বোঝা চাপাতে পারেনি দলটি। ইংল্যান্ডের শেষ ৬ উইকেট পড়েছে ৩৮ রানে ৩৭ বলের মধ্যে। নিউজিল্যান্ডের ম্যাকলেনাগন ৫৬ রানে নিয়েছেন ৪ উইকেট, তবে পেটের পেশিতে টান পড়ায় সিরিজটাই অনিশ্চিত হয়ে গেছে এই বাঁহাতি পেসারের। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২০ ফেব্রুয়ারি নেপিয়ারে। এএফপি। সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড: ৪৯.৩ ওভারে ২৫৮ (কুক ৪, বেল ৬৪, ট্রট ৬৮, রুট ৫৬, মরগান ১, বাটলার ২১, ওকস ১৭, ব্রড ১, সোয়ান ১৬, ফিন ০, অ্যান্ডারসন ০*; মিলস ২/৩২, ম্যাকলেনাগন ৪/৫৬, এলিস ১/৬৭, নাথান ম্যাককালাম ০/৪২, ফ্র্যাঙ্কলিন ৩/৩৮, উইলিয়ামসন ০/১২, এলিয়ট ০/৭)। নিউজিল্যান্ড: ৪৮.৫ ওভারে ২৫৯/৭ (ওয়াটলিং ২, গাপটিল ২৭*, উইলিয়ামসন ৭৪, টেলর ২২, এলিয়ট ২২, ব্রেন্ডন ম্যাককালাম ৬৯*, ফ্র্যাঙ্কলিন ৩, নাথান ম্যাককালাম ১৪, এলিস ১৩; অ্যান্ডারসন ১/৩৬, ফিন ১/৫৪, ব্রড ১/৫৬, ওকস ২/৫২, সোয়ান ১/৫৪)। ফল: নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী।