ম্যাককালাম-ঝড় দেখল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেন্ডন ম্যাককালামের দুর্দান্ত ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। মাত্র ৫৮ বলে ১২৩ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান, যা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ম্যাককালামের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশের সামনে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ বেঁধে দিয়েছে কিউইরা।শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ইনিংসের চতুর্থ ওভারে বিপজ্জনক ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে সাজঘরে পাঠিয়ে শুরুটা ভালোই করেছিলেন আবদুর রাজ্জাক। ১১ রান করে ফিরে যান কিউই ওপেনার গাপটিল। দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে শক্ত ভিত্তি গড়ে দেন ব্রেন্ডন ম্যাককালাম ও জেমস ফ্রাঙ্কলিন। ১৫তম ওভারে এই জুটি ভেঙে বাংলাদেশি শিবিরে কিছুটা স্বস্তি ফেরান মাশরাফি বিন মোর্তজা। ৩৫ রান করে ফিরে যান ফ্রাঙ্কলিন। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন ম্যাককালাম ও রস টেলর। শেষ ছয় ওভারে তাঁরা স্কোর বোর্ডে যোগ করেন ৭৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন ম্যাককালাম। ১৪ রান করে অপরাজিত ছিলেন রস টেলর। বাংলাদেশের পক্ষে চার ওভার বল করে ২৮ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন আবদুর রাজ্জাক।