ম্যাককালামের নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৬ রানের ইনিংসটি খেলে রেকর্ড গড়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এ বছরের শুরুতে সর্বোচ্চ রানের সেই রেকর্ডটি ভেঙে দেন রিচার্ড লেভি। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান করেছিলেন ১১৭ রান। আজ আবার রেকর্ডটি পুনরুদ্ধার করলেন ম্যাককালাম। মাত্র ৫৮ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংসটি খেলে নতুন করে বিশ্ব রেকর্ড গড়লেন কিউই এই ব্যাটসম্যান। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি শতক করার নতুন মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। চতুর্থ ওভারে মাত্র ১৯ রানের মাথায় ওপেনার মার্টিন গাপটিলকে হারিয়ে শুরুটা ভালো করতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। এরপর পুরোটা সময় বাংলাদেশি বোলারদের তটস্থ করে রেখেছিলেন ম্যাককালাম। ৫৮ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংসটি খেলার পথে ১১ চার ও সাতটি ছয় মেরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ম্যাককালাম-তোপে পড়ে বাংলাদেশের বোলিং আক্রমণের প্রধান ভরসা সাকিব আল হাসান চার ওভার বল করে দিয়েছেন ৪০ রান। এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের সবচেয়ে খারাপ বোলিং পরিসংখ্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি আবার নিজের করে নিতে পারার জন্য হয়তো মাশরাফিকে মনে মনে ধন্যবাদই জানিয়েছেন ম্যাককালাম। কারণ, ব্যক্তিগত ৮৮ রানের মাথায় ইলিয়াস সানির বলে এক্সট্রা কাভারে ম্যাককালামের সহজ একটি ক্যাচ ফেলে দেন মাশরাফি।