প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও একই চিত্রনাট্য মেনে এগোল অকল্যান্ড। দাপুটে নিউজিল্যান্ডের সামনে অসহায় ভারত! ব্যবধান একটাই, প্রথম দিন কেন উইলিয়ামসনের সঙ্গে যুগ্মভাবে নায়কের আসনে ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। কাল কিউই অধিনায়কের পাশে তাঁর তিন পেসার।
১৪৩ রানে শুরু করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ম্যাককালাম নিজে যোগ করেছেন আরও ৮১ রান। এর মধ্যে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন, আর একটা রান করতে পারলে ছুঁয়ে ফেলতেন নিজের সর্বোচ্চ ইনিংসটাই। তা না হোক, নিউজিল্যান্ডকে যে ৫০৩ রানের পাহাড় চূড়ায় বসিয়েছেন, সেদিকে হাঁটতে গিয়েই চোখে আঁধার দেখছে ভারত। ৪ উইকেটে ১৩০ রানে শেষ তাদের দিনের খেলা।
৩ রানে ২ উইকেট, ১০ রানে ৩ এবং ৫১ রানে ৪ উইকেট—এই বাঁকগুলোর কথা মনে হলে ৪ উইকেটে ১৩০ রান যথেষ্টই ভদ্রস্থ স্কোর। ওখানে দলকে টেনে নেওয়ার কৃতিত্ব রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানের অবিচ্ছিন্ন ৭৯ রানের পঞ্চম উইকেট জুটির। রোহিত অপরাজিত ছিলেন ৬৭ রানে, রাহানে ব্যাট করছিলেন ২৩ রানে। এর আগে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের কী সংগ্রামই না করতে হয়েছে কিউই পেসারদের সামনে! সবচেয়ে ভুগিয়েছেন বাঁহাতি ট্রেন্ট বোল্ট, ইনিংসের প্রথম ওভারেই হিসহিসে সুইং আর শর্ট বলের বিষে ফিরিয়ে দিয়েছেন শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারাকে। ধাওয়ান করেছেন শূন্য, রাহুল দ্রাবিড় নামের দেয়ালের বিকল্প হয়ে ওঠার প্রতিশ্রুতি জাগানিয়া পূজারা রানের খাতা খুলেছেন কোনোক্রমে। কোহলি শিকার টিম সাউদির দুর্দান্ত এক শর্ট পিচ বাউন্সারের, মুরালি বিজয়কে ফণা তোলা এক সুইংয়ে বোল্ড করেছেন আরেক বাঁহাতি পেসার নিল ওয়াগনার। যেখানে ম্যাককালাম ও কোরি অ্যান্ডারসন রানের ফোয়ারা ছুটিয়েছেন, সেখানেই ভারতের ব্যাটসম্যানদের কাল ঘাম ছুটে গেছে রান করতে। রোহিত তাঁর প্রথম রানটি করেছেন ৮ম বলে! তবে থিতু হওয়ার পর নিজেকে ফিরে পেয়েছেন ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক। ফিফটি করেছেন, অপরাজিত ৬৭ রানের ইনিংসে চার মেরেছেন ৮টি, আছে বিশাল একটি ছক্কাও। এটি টেস্টে রোহিতের একমাত্র ফিফটি ইনিংস হয়ে রয়েছে, না রূপ নিয়েছে তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে এতক্ষণে তা হয়তো জেনে গেছেন। তবে অকল্যান্ড টেস্টে ভারতকে টিকে থাকতে হলে শুধু সেঞ্চুরি হলেই চলবে না, সেটি হতে হবে বিশাল, সঙ্গে বড় পার্টনারশিপ। ভারত স্মরণ করতে পারে ১৯৯০ সালে এখানে খেলা আজহারউদ্দিনের ১৯২ রানের দুর্দান্ত ইনিংসটিকে। অত দূর যাওয়ারই বা দরকার কী? ম্যাককালামের ইনিংসটি থেকেও শিক্ষা নিতে পারে ধোনির দল। অসাধারণ ব্যাট করেছেন ম্যাককালাম। দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি ছুঁতে চার মেরেছেন ২৮টি, ৬টি ছক্কা। পঞ্চম উইকেটে অ্যান্ডারসনের সঙ্গে যোগ করেছেন ১৩৩ রান। সবচেয়ে বড় কথা, রান করেছেন ঝোড়োগতিতে, শেষ পর্যন্ত তাই নিউজিল্যান্ডের ওভারপ্রতি রান ৪.১৩।
তবে আসল ব্যবধান হলো বোলিংয়ে। ভারতীয় পেসারদের শর্ট পিচ বাউন্সার হয়ে যাচ্ছে ‘লং হফ’, কিন্তু কিউই পেসারদের শর্ট পিচ বাউন্সারগুলো ধেয়ে আসছে ‘এক্সপ্রেস’ গতিতে। সাপের মতো ফনা তুলছে কিউই পেসারদের সুইং, ভারতীয়দের পেসাররা লেংথ লাইনই খুঁজে পাচ্ছেন না। এরই মধ্যে ইশান্ত শর্মা ১৯ টেস্ট পর ৫ উইকেট পেলেন, কিন্তু বড্ড খরুচে। ৬ উইকেট তুলতে সেঞ্চুরি (১৩৪ রান) করে ফেলেছেন। ‘সেঞ্চুরি’ হয়েছে জহির খান ও রবীন্দ্র জাদেজারও। কিন্তু ধোনির দলের এমন সেঞ্চুরি তো দরকার ব্যাটসম্যানদের ব্যাট থেকে! সূত্র: ক্রিকইনফো, এএফপি।