ম্যাককালামের প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো সিরিজে একবারও টস জিততে পারেননি। ওয়েলিংটনে চাহিদা অনুযায়ী সবুজ পিচ পেয়ে ভেবেছিলেন, এবার অন্তত টস জিততে পারলে বোলারদের হাতে শুরুতেই বল তুলে দেবেন। হলো না। তার ওপর প্রথম ইনিংসে অমন বাজে একটা শটে নিজের উইকেট দিয়ে আসা। পিঠ আর হাঁটুতে সামান্য চোট আগে থেকেই ছিল, সঙ্গে যোগ হয়েছে বাঁ কাঁধের ব্যথা।
সব ভুলেই ওয়েলিংটনে নিজের ক্যারিয়ারের কঠিনতম সেঞ্চুরিটা করলেন ব্রেন্ডন ম্যাককালাম। ১৯৭ বলে সেঞ্চুরি, ওয়ানডে হোক কিংবা টেস্ট—ম্যাককালামের নামের সঙ্গে ঠিক যায় না। কিন্তু পরিস্থিতি সেটাই চাইছিল। ব্যাট হাতে যখন নামছেন, ভারতের বিপক্ষে ইনিংস হার এড়াতে নিউজিল্যান্ডের তখনো দরকার ১৯৪ রান, হাতে ৭ উইকেট। ৭ থেকে ৫ হলো তাঁর চোখের সামনেই, ভারতকে আবারও ব্যাটিংয়ে নামাতে তখনো দরকার ১৫২ রান! সেখান থেকেই বিজে ওয়াটলিংকে নিয়ে ম্যাককালামের লড়াই শুরু।
নিজেকে খোলসে ঢেকে রেখে, স্বভাবজাত ব্যাটিং রেখে কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন সেই সাক্ষ্য তাঁর ক্যারিয়ারের মন্থরতম সেঞ্চুরিতেই। আক্রমণাত্মক ব্যাটসম্যান, ফলে কখনো না-কখনো স্বরূপে ফিরে একটা ভুল করে বসবেন—মহেন্দ্র সিং ধোনি হয়তো এমনটাই ভেবেছিলেন। অথচ একটি বারের জন্যও ব্যাট চালাননি ম্যাককালাম। কাঁধের ব্যথার জন্য ব্যথানাশক নিয়েছেন, কিন্তু হাল ছাড়েননি।
পরিসংখ্যানই বলে ভারত তাঁর প্রিয় প্রতিপক্ষ। টেস্ট ক্যারিয়ারের ব্যাটিং-গড় যেখানে ৩৬.৯৯ সেখানে গতকালের ইনিংসের পর ভারতের বিপক্ষে গড় ৬০.৯৪! ৯টি টেস্ট সেঞ্চুরির চারটিই ভারতের বিপক্ষে, প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে কাল ভারতের বিপক্ষে ১ হাজার টেস্ট রানের মাইলফলকও পেরিয়েছেন। তবে এসব নয়, তাঁর কাছে নিশ্চয়ই বেশি গুরুত্বপূর্ণ দিন শেষে ২৩৭ বলে ১১৪ রানের ইনিংসটা খেলে নিউজিল্যান্ডকে টেস্ট বাঁচানোর স্বপ্ন দেখানো।
কাল ধৈর্যের প্রতিমূর্তি ছিলেন ওয়াটলিংও। ৫২ রান করতে কিউই উইকেটকিপার খেলেছেন ২০৮ বল! ষষ্ঠ উইকেটে দুজনের ১৫৮ রানের জুটি শুধু ম্যাচটাকে চতুর্থ দিন পর্যন্ত নিয়ে যায়নি, নিশ্চিত করেছে ভারতের দ্বিতীয়বার ব্যাট করাটাও। ৬ রানের লিডটা যতটুকু পারা যায় বাড়িয়ে নিতেই আজ মরিয়া থাকবেন তাঁরা। দুজনই তো ওপেনার ছিলেন একসময়!
৯ ও ৩৬ রানে দুবার ম্যাককালামের ক্যাচ ফেলার জন্য আরও বড় মূল্যই না দিতে হয় ভারতকে! তথ্যসূত্র: সনি সিক্স, ক্রিকইনফো।