ম্যাককালামের প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ে আরও ধারাবাহিকতা আনতে চান। দরকার হলে মারমুখী ব্যাটিংয়ের চরিত্রটাও পাল্টে ফেলতে রাজি— ওয়েলিংটন টেস্ট শুরুর আগে এমন ইচ্ছার কথা জানানো ব্রেন্ডন ম্যাককালাম কাল বদলে যাওয়া এক ইনিংসই খেললেন। ১৭৮ বলে খেলা তাঁর অপরাজিত ৯৪ রানের ইনিংসের সৌজন্যে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ৩৬৯ তুলেছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে যাদের পরাজয় অবশ্যম্ভাবী মনে হচ্ছিল, তারাই এখন এগিয়ে আছে ৬৭ রানে।ম্যাককালামের সঙ্গে প্রতিরোধের দেয়াল তুলেছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। অধিনায়কোচিত ৭৭ রানের ইনিংস খেলেছেন, ষষ্ঠ উইকেটে গড়েছেন ১২৬ রানের জুটি। ফলোঅনে নামা নিউজিল্যান্ড মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ উইকেটে তাদের এই রেকর্ড জুটিতেই ঘুরে দাঁড়ায়। ভেট্টোরি-ম্যাককালাম দুজনই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁদের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। ম্যাককালাম হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরিটাও পেয়ে যাবেন। ঝোড়ো বাতাস আর প্রতিকূল আবহাওয়াও কিছুটা সাহায্য করেছে স্বাগতিকদের। বৃষ্টি আর আলোকস্বল্পতায় দিনের ৩৮ ওভার খেলা নষ্ট হয়েছে। আজও বৃষ্টি হতে পারে। প্রথম ইনিংসের ৩০২ রানের ঘাটতি নিয়ে ব্যাট করা নিউজিল্যান্ড ম্যাচটাই হয়তো বাঁচিয়ে দেবে!১১৫ রানের লিড নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫টি উইকেট। কাল সারা দিন ৫২ ওভার বল করে অস্ট্রেলিয়া তুলতে পেরেছে মাত্র একটি উইকেট। ভেট্টোরিকে বোল্ড করে তৃতীয় উইকেট তুলে নিয়েছেন নাথান হরিজ। ভেট্টোরির বিদায়ের পর এবার নিউজিল্যান্ড ধসে পড়েনি। সপ্তম উইকেটে ৬০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ম্যাককালাম আর ড্যারিল টাফি (২৩)। অথচ আগের ইনিংসে ৯ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়েছিল তারা। শুধু ওভারই নষ্ট হয়নি, ঝোড়ো বাতাস আরেক দিক দিয়েও সাহায্য করেছে নিউজিল্যান্ডকে। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে প্রবাহিত বাতাসে হট স্পটের জন্য রাখা ক্যামেরাগুলো নামিয়ে ফেলতে হয়েছে। হক আই প্রযুক্তিও কাজ করছিল না ঠিকমতো। ৫২ রানে ম্যাককালামের বিপক্ষে একটা এলবিডব্লুর আবেদন আসাদ রউফ নাকচ করে দেওয়ার পর তাই রেফারেল নিয়েও সুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। নাখোশ পন্টিং মাঠের আম্পায়ারদের সঙ্গে এ নিয়ে লম্বা সময় ধরে কথাও বলেছেন।পন্টিংয়ের আসলে কথা বলা উচিত তাঁর বোলারদের সঙ্গেও। তৃতীয় দিন নিউজিল্যান্ডের ১১টি উইকেট তুলে নেওয়ার পরদিনই কেন মাত্র এক উইকেট—এই উত্তর নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তাঁর। ফিল্ডিংটাও বাজে হয়েছে। ভেট্টোরির ফিরতি ক্যাচ নিতে পারেননি মিচেল জনসন। ম্যাককালামকে স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেছেন ব্র্যাড হাডিন। এই ম্যাককালামই আজ ম্যাচের শেষ দিন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম। দুশ্চিন্তার তালিকায় থাকবে আবহাওয়াও। ওয়েবসাইট।