ম্যাককালামের ফেবারিট ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই পুড়ে খাক হয়েছেন। ইংল্যান্ডে ইংলিশ সামর্থ্যের তেজটা ভালোই টের পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর তাই ইংল্যান্ডকেই আসন্ন অ্যাশেজে ফেবারিট ঘোষণা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক।

গত মার্চে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা ড্র রাখতে পেরেছিল নিউজিল্যান্ড। কিন্তু ইংল্যান্ডে এসে সিরিজ হারতে হলো ২-০-তে। নিউজিল্যান্ডের উইকেটে সেভাবে বল সুইং করাতে পারেননি জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা। এ নিয়ে তখন আলোচনা-গবেষণাও কম হয়নি। দেশের মাটিতে সেই সমস্যা হয়নি ইংলিশ পেসারদের, বলকে তাঁরা কথা বলিয়ে ছেড়েছেন। প্রথম টেস্টে একপর্যায়ে সমানতালেই লড়ছিল কিউইরা। কিন্তু স্টুয়ার্ট ব্রডের বিধ্বংসী সুইং বোলিংয়ে (৭/৪৪) ৬৮ রানে গুটিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছিল তারা ১৭০ রানে। দ্বিতীয় টেস্টে হেরেছে ২৪৭ রানে।

ম্যাককালামের বিশ্বাস, এই সুইং বোলিংয়েই অ্যাশেজ ধরে রাখবে ইংলিশরা, ‘দেশের মাটিতে ইংল্যান্ড পরিষ্কার ফেবারিট। ডিউক বলকে সুইং করানোর সামর্থ্যে জুড়ি নেই তাদের। প্রথম টেস্টে স্টুয়ার্ট ব্রডের সেই স্পেলটার আগ পর্যন্ত আমাদের আত্মবিশ্বাস ছিল উঁচুতে। কিন্তু ওই বোলিং আমাদের হূদয় বিদীর্ণ করে দেয়, নিজেদের সামর্থ্যকেই সংশয়ে ফেলে দেয়, এই খেলাটায় যেটার চেয়ে ভয়ংকর কিছু কমই আছে।’

ম্যাককালামদের আত্মবিশ্বাস উঁচুতে থাকার কারণও ছিল। টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান আকাশ-পাতাল, ইংল্যান্ড দুইয়ে, আটে নিউজিল্যান্ড। কিন্তু দেশের মাটিতে সিরিজে কিউইরা লড়েছে সমানতালে। শেষ ম্যাচে ম্যাট প্রায়র অসাধারণ ইনিংসটা না খেললে সিরিজও জিততে পারত নিউজিল্যান্ড। ওই ড্র-ও ছিল তাই অনেক গর্বের। কিন্তু এই সিরিজেই আবার সেই পুরোনো চেহারায় নিউজিল্যান্ড। এখানেই অধিনায়কের হতাশা, ‘এটা অবশ্যই এক ধাপ পিছিয়ে যাওয়া। আমাদের ব্যাটিংয়ের ফাঁকগুলোও বেরিয়ে এসেছে। শুধু সুইং বোলিংই নয়, দ্বিতীয় টেস্টে সোয়ানের স্পিনের জবাবও জানা ছিল না আমাদের। অবশ্যই এসব হতাশার। সর্বশেষ পাঁচটি টেস্ট ম্যাচের দিকে তাকালে দেখা যাবে আমরা ভালোই প্রতিদ্বন্দ্বিতা করেছি, অনেকটাই সামনে এগিয়েছি। তবে এই হার অবশ্যই আবার এক ধাপ পেছনে যাওয়া।’

ম্যাককালাম হতাশ আসন্ন লম্বা বিরতি নিয়েও। অক্টোবরের বাংলাদেশ সফরের আগে আর কোনো টেস্ট নেই নিউজিল্যান্ডের। তবে বাস্তবতাও বুঝছেন কিউই অধিনায়ক, ‘যেকোনো টেস্ট দলের জন্য এত লম্বা বিরতি ভালো কিছু নয়, আরও বেশি টেস্ট খেলতে পারলে আমাদের অবশ্যই ভালো লাগত।’ এএফপি।