ম্যাককালামের বৃষ্টির হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাত্ই বৃষ্টির উপদ্রব। খেলা বন্ধ হয়ে যাওয়ায় তাই মাঠ ছাড়তে হলো দুই দলের অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ও ব্রেন্ডন ম্যাককালামকে। কাল চট্টগ্রামে   প্রথম আলো
হঠাত্ই বৃষ্টির উপদ্রব। খেলা বন্ধ হয়ে যাওয়ায় তাই মাঠ ছাড়তে হলো দুই দলের অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ও ব্রেন্ডন ম্যাককালামকে। কাল চট্টগ্রামে প্রথম আলো

ইংলিশ আবহাওয়া নিয়ে কত কৌতুকই না প্রচলিত! ইংল্যান্ডের আকাশ কেঁদে ওঠে যখন-তখন। চট্টগ্রামের আবহাওয়া কাল হার মানাল যেন ইংলিশ আবহাওয়াকেও। কোনো পূর্বাভাস নেই, নেই ইঙ্গিত। সিনেমার চিত্রনাট্যের মতোই যেন হঠাৎ করে বিদ্যুৎ চমকাল কয়েকবার, মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে বৃষ্টি!
গ্রাউন্ডসম্যানরা যখন কাভার নিয়ে ছুটছে, দুই দলের ক্রিকেটাররা ছুটছেন ড্রেসিংরুমে। কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম পথ খানিকটা বদলে গেলেন স্টুয়ার্ট ব্রডের দিকে। হাসতে হাসতে ইংলিশ অধিনায়ককে কী যেন বলছিলেন কিউই অধিনায়ক। হয়তো বলছিলেন, ‘কী, আটকাতে তো পারলে না!’
কয়েক মিনিট আগেই যখন আচমকা বিদ্যুৎ চমকাল, ব্রডের বল খেলতে গিয়েও শেষ মুহূর্তে সরে যান ম্যাককালাম। সুযোগটা কাজে লাগিয়ে বেশ ‘গুরুত্বপূর্ণ’ একটা টিম মিটিংও শুরু করে দিলেন ব্রড! মাহাত্ম্যটা বুঝতে পারবেন, যখন জানবেন ঘটনাটা পঞ্চম ওভারের। ডাকওয়ার্থ-লুইসে ম্যাচের ফল হওয়ার জন্য ৫ ওভার খেলা হতেই হবে। সমীকরণে তখন এগিয়ে নিউজিল্যান্ড, সেটা বুঝেই ব্রডের অমন সময়ক্ষেপণ। তবে লাভ তাতে কিছু হয়নি। ওই ওভারের আগেই একটি চার ও ছয় মেরেছিলেন ম্যাককালাম, শেষ বলে আরেকটি ছয় মেরে সমীকরণ থেকে ছিটকে দিলেন ইংল্যান্ডকে। পরের ওভারে কেন উইলিয়ামসনের কবজির শিল্পিত মোচড় নিউজিল্যান্ডকে এগিয়ে দিল আরেক ধাপ। ৫.২ ওভারে যখন খেলা বন্ধ হলো, নিউজিল্যান্ড তখন এগিয়ে ৯ রানে। পরে সেটাই হয়ে গেছে জয়-পরাজয়ের ব্যবধান। আর শুরুই হতে পারেনি খেলা।
মজার ব্যাপার হলো, ৫.২ ওভার শেষে ইংল্যান্ডের রানও ছিল নিউজিল্যান্ডের মতোই, ১ উইকেটে ৫০! প্রথম ওভারেই অ্যালেক্স হেলসকে হারানো ইংল্যান্ড তখন রানের ফোয়ার ছোটাচ্ছে মইন আলি আর মাইকেল লাম্বের ব্যাটে। দ্বিতীয় উইকেটে দুজনের ৪৪ বলে ৭২ রানের জুটি দারুণ ভিত্তি এনে দিয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন কোরি অ্যান্ডারসন। ব্যাটসম্যান অ্যান্ডারসনের ব্যাটের ধার কাল দেখতে পারেনি ইংল্যান্ড। তবে বোলিং আর ফিল্ডিংয়েই তিনি ম্যাচ-সেরা! দারুণ এক ক্যাচে হেলসকে ফেরানো অ্যান্ডারসন পরে নিজের বলে ফেরালেন মইনকে, আরেকটি দুর্দান্ত ক্যাচ নিয়ে ফেরালেন লাম্বকে। পরে ফিরিয়েছেন বিপজ্জনক হয়ে ওঠা বাটলারকেও। তবে বোপারা-বাটলার-ব্রেসনানদের ছোট কিন্তু কার্যকরী ইনিংসে শেষ পর্যন্ত যেতে পারে ১৭২ পর্যন্ত।
২২ বছর আগে এক ২২ মার্চে বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছিল ইংলিশদের জন্য। ১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ১৩ বলে ২২ রানের সমীকরণ বৃষ্টির কারণে হঠাৎই হয়ে গিয়েছিল ১ বলে ২২। ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। সেটির সঙ্গে তুলনা চলে না। তবে ২২ মার্চ ও বৃষ্টি মানেই এখন আর শুধু ইংল্যান্ডের সৌভাগ্য নয়, আক্ষেপও!
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২০ ওভারে ১৭২/৬ (লাম্ব ৩৩, হেলস ০, মঈন আলী ৩৬, মরগান ১২, বাটলার ৩২, বোপারা ২৪*, জর্ডান ৮, ব্রেসনান ১৭*; মিলস ১/৩৬, ম্যাকলেনাহান ১/২২, সাউদি ১/৪৬, অ্যান্ডারসন ২/৩২, নাথান ম্যাককালাম১/৩২)। নিউজিল্যান্ড: ৫.২ ওভারে ৫২/১ (গাপটিল ১১, উইলিয়ামসন ২৪*, ব্রেন্ডন ম্যাককালাম ১৬*; মঈন আলী ০/৭, ডার্নব্যাখ ১/১৩, ব্রেসনান ০/১০, ব্রড ০/১৬, জর্ডান ০/৫)।
ফল: ডি/এল পদ্ধতিতে নিউজিল্যান্ড ৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কোরি অ্যান্ডারসন।