ম্যাককালামের ব্যাটে জিতল চেন্নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও হারল মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলের এবারের আসরে টানা তৃতীয় ম্যাচে পরাজিত হলো গতবারের শিরোপাজয়ীরা।

আজ শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রোহিত শর্মার দল হেরেছে সাত উইকেটের বড় ব্যবধানে। ব্রেন্ডন ম্যাককালামের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে চেন্নাই। ৫৩ বলে ৭১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন ম্যাককালাম।
চেন্নাইয়ের মতো দলকে ১৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে জয়ের আশা করাটা একটু কঠিনই বটে। তবে লাসিথ মালিঙ্গা আছেন বলেই হয়তো আশায় বুক বেঁধেছিলেন মুম্বাই সমর্থকেরা। নিজের কাজটাও অবশ্য মালিঙ্গা করেছেন বেশ ভালোভাবেই। ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ২২ রান। তবে মালিঙ্গার এই কৃপণ বোলিং বাধা হয়ে দাঁড়াতে পারেনি চেন্নাইয়ের জয়ের পথে। উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করে চেন্নাইকে সহজ জয়ের রাস্তা দেখিয়েছিলেন দুই ওপেনার ডোয়াইন স্মিথ (২৯) ও ম্যাককালাম। সপ্তম ওভারে স্মিথ সাজঘরে ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ম্যাককালাম। ডু প্লেসিসের ব্যাট থেকে এসেছে ২০ রান। ১৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এর আগে বল হাতে মুম্বাইয়ের সর্বনাশটা করেছিলেন মোহিত শর্মা। ৪ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার। নিজের শেষ ওভারেই সাজঘরে ফিরিয়েছিলেন মুম্বাইয়ের তিন ব্যাটসম্যানকে। অধিনায়ক রোহিত শর্মার ৫০ ও কোরে অ্যান্ডারসনের ৩৯ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৪১ রান জমা করেছিল মুম্বাই।