ম্যাককালামের ব্যাটে স্বস্তির জয়
পাথর আর মুক্তার মাঝামাঝি কোনটি? প্রকৃতির সৃষ্টিতে যা-ই হোক, কালকের হল্যান্ডের কাছ থেকে উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম। আয়ারল্যান্ডের বিপক্ষে বীরত্বপূর্ণ জয়, দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দেওয়া, শ্রীলঙ্কার বিপক্ষে ‘৩৯’ লজ্জা—এই বিশ্বকাপে হল্যান্ডের দুই রূপ দেখে ম্যাচের আগে কিউই অধিনায়ক ডাচদের বলেছিলেন ‘রক অর ডায়মন্ডস।’ কালকের হল্যান্ড ওই দুটির মাঝামাঝি। আরেকবার ‘ডায়মন্ড’ হয়ে ওঠার চেষ্টা যদিও ছিল। পারেনি তারা ওই ম্যাককালামের কারণেই। নিয়ন্ত্রিত আগ্রাসনে দলকে স্বস্তির জয় উপহার দিয়ে কিউই অধিনায়ক উদ্যাপন করেছেন দারুণ এক মাইলফলক।
ক্রিস গেইলের মতো তিনি টি-টোয়েন্টির মুখ হয়ে ওঠেননি। হয়তো শারীরিক আকৃতি বা ব্যাটিংয়ের ধরনে বিস্ফোরক ব্যাপারটি গেইলের মতো নেই বলেই। নইলে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের প্রতিশব্দ হয়ে ওঠার কথা তো ম্যাককালামই! আইপিএলের প্রথম আসরের প্রথম ম্যাচে ১৫৮ রানের সেই ইনিংসটির পর থেকে টি-টোয়েন্টি ব্যাটিংকে তাঁর মতো আপন করে নিতে পেরেছেন কম জনই। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ব্যাটিং রেকর্ডের অনেকগুলোই তাঁর অধিকারে। কাল প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁলেন দুই হাজার রানের মাইলফলক, দুইয়ে থাকা মাহেলা জয়াবর্ধনে ৬০০ রান পেছনে!
মাইলফলকটি যদি হয় গর্বের, ৪৫ বলে ৬৫ রানের ইনিংসটি তাহলে দারুণ স্বস্তির। ডাচদের বিপক্ষে ১৫২ রান খুব বড় লক্ষ্য নয়, তবে ঝামেলাপূর্ণ তো বটেই। দ্রুত ২-৩টি উইকেট হারালে বিপদও হতে পারত। মার্টিন গাপটিলের আরেকটি ব্যর্থতার পর সেটা হতে দেননি অধিনায়ক। যথারীতি সঙ্গ দিয়েছেন কেন উইলিয়ামসন (২২ বলে ২৯)। ম্যাককালামের ইনিংসটি ছিল এই রান তাড়ার জন্য আদর্শ। ১০ ওভার শেষে প্রয়োজনীয় রানরেট যখন ৯ ছুঁই-ছুঁই, তখনো তেড়েফুঁড়ে মারতে যাননি। অপেক্ষা করেছেন সঠিক বল ও সময়ের। পরে টানা তিন ওভারে তিন ছয় আর দুই চারে রানরেটের চাহিদা সামলেছেন। স্লোয়ারে যখন আউট হলেন, দলের প্রয়োজন ১৯ বলে ১৮! অ্যান্ডারসন-নিশামরা ম্যাচ শেষ করে দিয়েছেন ৬ বল আগেই।
ম্যাচ শেষে পিটার বোরেন আক্ষেপ করলেন ইনিংসের শুরু ও শেষে রান একটু কম হওয়ায়। পাওয়ার প্লের ৬ ওভারে ডাচদের রান ছিল ৩৭, শেষ ২ ওভারে ৬ উইকেট হাতে নিয়েও রান এসেছে ১০। মাঝে দারুণ খেলেছেন বোরেন নিজে (৩৫ বলে ৪৯) আর টম কুপার (২৩ বলে ৪০)। দলের হারের মাঝেও ডাচ অধিনায়ককে খানিকটা স্বস্তি দেবে হয়তো নিজের রানে ফেরা। দলের জয়ের জন্য তা যথেষ্ট হয়নি, তবে ম্যাচের বেশির ভাগটা জুড়ে প্রতিপক্ষকে ভাবানো তো গেছে! সেই ‘৩৯’কে বোরেন তাই বললেন, ‘জোক।’ কৌতুক না হোক, ওই ম্যাচকে ‘বিচ্ছিন্ন’ ঠিকই প্রমাণ করেছে ডাচরা!
সংক্ষিপ্ত স্কোর
হল্যান্ড: ২০ ওভারে ১৫১/৪ (বোরেন ৪৯, টম কুপার ৪০*, সোয়ার্ট ২৬, মাইবার্গ ১৬; মিলস ১/২০, নাথান ম্যাককালাম ১/২০, বোল্ট ১/২৫, ম্যাকলেনাহান ১/২৯)।
নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫২/৪ (ব্রেন্ডন ম্যাককালাম ৬৫, উইলিয়ামসন ২৯, অ্যান্ডারসন ২০*, টেলর ১৮; গুগটেন ৩/৩০, ফন বিক ১/১৪)।
ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ব্রেন্ডন ম্যাককালাম।