ম্যাককালামের সঙ্গে যোগ হলো চাপও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টি-টোয়েন্টির টেন্ডুলকার’ তাঁকে আগেই বলা যেত। এখন তো দেখা যাচ্ছে, টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেলেন ব্রেন্ডন ম্যাককালাম! টেস্টের প্রায় সব ব্যাটিং রেকর্ডকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেললেও সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা অধরাই থেকে গেছে টেন্ডুলকারের। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান-ফিফটি-চার-ছয়ের রেকর্ড আগেই ছিল, এবার সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও করে ফেললেন ম্যাককালাম। টি-টোয়েন্টির ঘরোয়া আসরে সর্বোচ্চ ইনিংসটিও তো সেই কবে থেকেই তাঁর। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ১৫৮।ক্রিস গেইলের সেঞ্চুরি দিয়ে উদ্বোধন হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিছুদিন আগে গেইলের ১১৭ রানের রেকর্ড ছুঁয়েছেন রিচার্ড লেভি। এই দুজনকে পেছনে ফেলে সবার ওপরে এখন ব্রেন্ডন ম্যাককালাম। কাল পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের হূদয় এফোঁড়-ওফোঁড় করে দেওয়া ৫৮ বলে ১২৩ রানের ইনিংসে আরেকটি কীর্তিও হলো। টি-টোয়েন্টিতে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সেঞ্চুরি।সেই আনন্দ নয় দিন ধরে মনে বয়ে বেড়ানো ম্যাককালামের দুঃখটাও ধুয়েমুছে দিল। ১১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ৯১ রানে আউট হয়ে গিয়ে দ্বিতীয় সেঞ্চুরিটা মিস করেছিলেন। ১৭তম ওভারে আউট না হলে দ্বিতীয় সেঞ্চুরির সঙ্গে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও বোধহয় সেদিনই হয়ে যায়। তা হয়ে গেল পরের ম্যাচেই। ৯২ রানে মাশরাফি ক্যাচটা না ফেললে অবশ্য দুঃখটা তাঁর আরও বাড়ত।টেন্ডুলকারের সঙ্গে তুলনাটা শুনে ম্যাককালাম খুব মজা পেলেন। টি-টোয়েন্টিতে এমন সাফল্যটা অবশ্য তাঁর কাছে কোনো রহস্য হয়ে নেই। এই খেলাটা প্রথম থেকেই বড় পছন্দ তাঁর, ‘টি-টোয়েন্টি আমার খেলার ধরনের সঙ্গে খুব যায়। আমি সহজাতভাবেই খুব আক্রমণাত্মক। টি-টোয়েন্টি এত খেলেছি যে, আমি এই ফরম্যাটটা খুব ভালো বুঝি। জানি, কখন কী করতে হবে।’সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় কুইন্সটাউনের প্রসঙ্গ তোলায় ম্যাককালাম হেসে বললেন, ‘সুখস্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।’ ম্যাককালামের জন্য যা সুখস্মৃতি, বাংলাদেশের জন্য তা দুঃস্বপ্ন। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর কুইন্সটাউন ওয়ানডেতে বাংলাদেশের ৯৩ রান টপকাতে মাত্র ৬ ওভার লেগেছিল নিউজিল্যান্ডের। যা করার বলতে গেলে একাই করেছিলেন ম্যাককালাম—২৮ বলে অপরাজিত ৮০।সেদিন উইকেটের পেছনে দাঁড়িয়ে ম্যাককালামের ব্যাট থেকে বোলারদের রক্ত ঝরতে দেখেছিলেন। কালও তা দেখে বোধহয় হূদয়েও রক্তক্ষরণ হলো মুশফিকুর রহিমের। বোলিং-ফিল্ডিং নিয়ে অসন্তোষ প্রকাশ করারই কথা। তবে সংবাদ সম্মেলনে ঘুরেফিরে বারবার যা বললেন, সেটির একটাই অর্থ—ম্যাককালামের কাছেই হেরেছে বাংলাদেশ। ‘ব্রেন্ডন ম্যাককালাম অসাধারণ ব্যাটিং করেছে। বুঝিয়ে দিয়েছে, কেন ও টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান।’ ম্যাককালামের মতো ব্যাটসম্যানরা যেদিন স্বরূপে দেখা দেন, প্রতিপক্ষ দলের অধিনায়কের চেয়ে অসহায় আর কেউ থাকে না। ম্যাচ শেষ হওয়ার পরও মুশফিকের চোখেমুখে ফুটে থাকল সেই অসহায়ত্ব। দুঃখটা ফুটে বেরোল মুখে, ‘ম্যাককালামের মতো ম্যাচ উইনার এমন কিছু করলে সেখান থেকে ফেরা কঠিন। তবে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, আমাদের কাজগুলো ঠিকঠাক করা। বোলিং-ফিল্ডিংয়ে আজ আমরা তা করতে পারিনি।’ ফিল্ডিংয়ের এই দৈন্যদশা কি নার্ভাসনেস থেকে? মুশফিক মানতে চাইলেন না। তবে চাপের কথাটা প্রকারান্তরে সম্ভাব্য একটা কারণও বানিয়ে দিলেন, ‘আমাদের গ্রুপে বাকি দুটি দলের চেয়ে আমরা অবশ্যই দুর্বল। তাই আমাদের ওপর চাপও বেশি।’বোলিংয়ে ভালো শুরু যখন ওই চাপের ফাঁসটা একটু আলগা করেছে, তখনই মূর্তিমান দুঃস্বপ্ন হয়ে দেখা দিলেন ম্যাককালাম, ‘শুরুটা ভালো করেছিলাম, কিন্তু ম্যাককালাম পাল্টা আক্রমণ করেছে। খেয়াল করলে দেখবেন, ম্যাককালাম ছাড়া আর কেউই কিন্তু তেমন ভালো খেলতে পারেনি। এতেই বোঝা যায়, ও কত ভালো প্লেয়ার।’সেটি অবশ্য কাল খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন ম্যাককালাম। নিউজিল্যান্ডের রানের ৬৪ শতাংশেরও বেশি তাঁর ব্যাট থেকে। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ মাত্র ৩৫। ১১টি চার ও ৭টি ছক্কার ইনিংসে স্ট্রাইক রেট ২১২, যেখানে ১৫ নম্বর ওভারে নেমেও রস টেলরের ১১৬। নিউজিল্যান্ডের বাকি দুই ব্যাটসম্যানের তো এক শরও নিচে। আর বাংলাদেশের ইনিংসের সঙ্গে যদি তুলনা করেন, ম্যাককালামের মাত্র ৯ রানই না কম! আক্ষরিক অর্থেও তো প্রায় একাই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে।টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে মুশফিকের মনে যা-ই থাক, মুখে অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষেই যুক্তি দিলেন। সেই যুক্তি অবশ্য খুব জোরালো শোনাল না। মেঘলা আকাশ আর বৃষ্টির সম্ভাবনায় পরে ব্যাট করতে চাওয়াটা খুবই স্বাভাবিক। তবে মুশফিক এটিকে কারণ না বলে যা বললেন, তাতে মূল পয়েন্ট দুটি—এক. চেজ করতে চেয়েছিলেন, দুই. পরে স্পিনাররা উইকেট থেকে সাহায্য পাবেন না। প্রথমটা তো সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণ নয়। দ্বিতীয় ভাবনাটার ক্রিকেটীয় যুক্তিটাও অজানাই থাকল।তবে জানা একটি জিনিসই আবার জানিয়ে দিল কালকের ম্যাচ। টি-টোয়েন্টি একাই জেতানো যায়।